স্টাফ রিপোর্টার : আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত দুজন বাংলাদেশী পুলিশ মারা গেছেন। দুজনের মধ্যে একজন পুলিশের কনষ্টেবল ছামিদুল ইসলামের (৩২) বাড়ি শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের বেতমারি গ্রামে। ১৬ মে রবিবার বিকেলে কর্মরত থাকা অবস্থায় মালিতে ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হন ছামিদুল। আহত ছামিদুলকে মালির বামাকো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। রবিবার রাতে প্রথমে ছামিদুলের সাথে কর্মরত এক পুলিশ বন্ধুর ফেসবুকে পরে ময়মনসিংহ পুলিশের মাধ্যমে পরিবার জানতে পারে। ওই খবর জানার পর রাত থেকেই ছামিদুলে পরিবার আতœীয় স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। মা বাবা স্ত্রী ও দুই সন্তান বাবার মৃত্যু শোকে বার বার মুর্ছা যাচ্ছে। সারা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, ছামিদুল ওই এলাকার কৃষক জালাল উদ্দিনের ছেলে। সে বিবাহিত ও ২ ছেলে মেয়ের জনক। বড় ছেলে সৌরভ তৃতীয় শ্রেনীর ছাত্র মেয়ে শ্রাবন্তীর বয়স দুই বছর। গত ৩মে রাতে বাংলাদেশ থেকে মালিতে জাতিসংঘের শান্তি মিশনের উদ্দেশ্যে রওনা হন। শান্তি মিশনে যোগদান করার পর রবিবার ঝড়ে আক্রান্ত হয়ে ছামিদুল মারা যায়। সে সর্বশেষ ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিল। ময়মনসিংহ বিভাগের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শোক প্রকাশ ও খবরের সত্যতা নিশ্চিত করে লাশ দেশে নিয়ে আসার ব্যাপারে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে জাতিসংঘে যোগাযোগ করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব লাশ বাংলাদেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




