রেজাউল করিম : নির্বাচনে পরাজিত হয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের চকপাড়া গ্রামে হামলা চালিয়েছে এক প্রার্থী ও সমর্থকরা। ১০ মে মঙ্গলবার রাতে নির্বাচনী সহিংসতায় প্রায় অর্ধশত বাড়িঘর ও দোকানপাটের ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার পর থেকে আতংকে রয়েছেন গ্রামের প্রায় ৩ হাজার বাসিন্দা।
জানা যায়, সদ্য সমাপ্ত হাতিবান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নুরুল ইসলাম দোলা (নৌকা প্রতীক)। একই পদে পরাজিত হন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাছির উদ্দিন (আনারস প্রতীক)। এ প্রার্থীকে যারা সমর্থন দেননি তাদের বাড়ি ঘরে তার ক্যাডার বাহিনী নিয়ে দফায় দফায় হামলা চালাচ্ছে। সর্বশেষ হামলা চালিয়েছে মঙ্গলবার রাতে। এতে প্রায় অর্ধশত বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ৭/৮ লাখ টাকা মূল্যের মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় পুকুরের মাছ, গোলার ধান ও হাসমুরগী নিয়ে গেছে বলেও দাবি করেন ক্ষতিগ্রস্তরা। ঘটনার সময় অনেক মেয়ে শ্লীলতাহানী শিকার হয়েছে বলেও অভিযোগে করেছেন তারা। আবার ও হামলার আশংকায় চরম আতংকে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। এমনি পরিস্থিতি থেকে পরিত্রান চান এলাকাবাসী ও জন প্রতিনিধিরা।




