স্টাফ রিপোর্টার : শেরপুরের নালিতাবাড়ীতে হুমায়ুন কবির (৪০) নামে এক দিনমজুর হত্যা মামলায় ২ আদিবাসী যুবকের ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২ মে সোমবার দুপুরে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিনিয়া জাহান ওই রিমান্ড মঞ্জুর করেন। এরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রূপনারায়ণকুড়া ইউনিয়নের সিংগারপাড় গ্রামের ধীরেন্দ্র সাংমার ছেলে প্রাণ মারাক (৩০) ও সনাতন গ্রামের রাদিং মারাকের ছেলে আসং মারাক (৩৫)। এর পরপরই মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ওই ২ যুবককে নালিতাবাড়ী থানায় নিয়ে যান।
উল্লেখ্য, ২৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নালিতাবাড়ীর সীমান্তবর্তী মির্জাবাজার সিঙ্গারপাড় গ্রামের দরিদ্র তমিজ উদ্দিনের দিনমজুর ছেলে হুমায়ুন কবির বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরেনি। সকালে বাড়ির অদূরে একটি ব্রিজের নিচে খালে তার লাশ পাওয়া যায়। ওই ঘটনায় তার স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ শনিবার দুপরে আসং মারাককে ও শুক্রবার রাতে প্রাণ মারাককে গ্রেফতার করে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করে।




