স্টাফ রিপোর্টার : শেরপুরে কৃষকদের মাঝে আউশ উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে উফশী আউশ এবং নেরিকা আউশ ধানের বীজ ও সার বিতরন করা হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ৮০৫ জন কৃষকের মাঝে ওইসব বীজ-সার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু। উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
কৃষি কর্মকর্তারা জানান, ২০১৬-১৭ মৌসূমে এক বিঘা জমিতে উফশী আউশ আবাদের জন্য ৬৪০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও সেচখরচ বাবদ ৪০০ টাকা প্রদান করা হয়। এছাড়া ১৬৫ জন কৃষককে একবিঘা করে জমিতে নেরিকা ধান চাষের জন্য ১০ কেজি নেরিকা ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং সেচ বাবদ ৪০০ টাকা ছাড়াও আগাছা দমনের জন্য ৪০০ টাকা করে প্রদান করা হয়।




