স্টাফ রিপোর্টার : শেরপুরে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ৩০ জন আহত হয়েছে। ২৫ এপ্রিল সোমবার দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়ার পরাজিত ইউপি সদস্য প্রার্থী মোস্তফা ফকির ও বিজয়ী ইউপি সদস্য সেলিম মিয়ার সমর্থকদের মধ্যে ওই সহিংসতার ঘটনা ঘটে। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত বিজয়ী মেম্বার প্রার্থীর বড়ভাই আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, সকালে সেলিম মিয়ার লোকজন পরাজিত ইউপি সদস্য প্রার্থী মোস্তফা ফকিরের এলাকায় ধান কাটতে গেলে মোস্তফার সমর্থকরা বাধা দেয়। ওই সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রতিশোধ নিতে দুপুরের দিকে মোস্তফা ফকিরের নেতৃত্বে মুবা ফকির, রউফ, মোকসেদ ফকিরসহ শতশত লোকজন দা, কুড়াল, লাঠিসোঠাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেলিম মিয়ার বড়িতে হামলা চালায়। এ সময় অন্তত ৭টি বাড়ি ভাংচুর, স্বর্ণালংকার, টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটে। এবং দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।




