শ্যামলবাংলা ডেস্ক : দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন খেলাঘর প্রবর্তিত ‘সাংবাদিক বজলুর রহমান’ স্মৃতিপদক পাচ্ছেন দেশের ৪ গুণী ব্যক্তিত্ব। তারা হচ্ছেন সংস্কৃতিতে আলী যাকের, খেলাঘর সংগঠক হিসেবে মাখন লাল দাশ, সুরকার ও গীতিকার হিসেবে সেলিম রেজা ও সাংবাদিকতায় দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান।
কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ জানান, আগামী ২ মে বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওই পদক তুলে দেওয়া হবে। তিনি জানান, প্রতিবছর একই ক্যাটাগরিতে ৪ জনকে ওই পদক দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ৭ম বারের মতো এবার ওই পদক দেওয়া হচ্ছে।
খেলাঘরের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক। বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক আবেদ খান। সভাপতিত্ব করবেন খেলাঘরের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক পান্না কায়সার।




