স্টাফ রিপোর্টার : দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা আর বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের উদ্যোগ-আন্তরিকতার ফসল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি ২ এপ্রিল শনিবার ময়মনসিংহে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা নাগরিক আন্দোলন আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগ উন্নয়ন ভাবনা’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। অনুষ্ঠানে নির্ধারিত প্রধান অতিথি সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিশেষ অতিথি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অনুপস্থিত থাকায় বিশেষ অতিথি হুইপ আতিকই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় তিনি বলেন, ৪টি জেলা নিয়ে ভৌগলিক অবস্থান ও জনসংখ্যাগত কারণে নবগঠিত ময়মনসিংহ বিভাগ ছোট হলেও এ বিভাগের আওতায় জেলাগুলোর যেমন রয়েছে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য, ঠিক তেমনি ফরিদপুর অঞ্চলের মতোই ময়মনসিংহ অঞ্চলের মানুষ বঙ্গবন্ধু ও তার দলকে ভালবাসেন। কাজেই ময়মনসিংহ বিভাগের উন্নয়নে দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিরোধী দলীয় নেতাসহ এ অঞ্চলের সংসদ সদস্য এবং নাগরিক সমাজের সমন্বিত মতামতের প্রেক্ষিতে সরকার দ্রুত কাজ করবে- এটাই স্বাভাবিক।
সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক আবদুল হান্নান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক, পৌর মেয়র এ কিউ এম ইকরামুল হক টিটু, এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম। জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপের শুরুতে ময়মনসিংহ বিভাগ উন্নয়নের ধারণাপত্র পাঠ করেন নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল আমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগের আওতাধীন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নালিতাবাড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, নাগরিক সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। শেরপুরের পক্ষে বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের নেতা, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন। ওইসময় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার মঞ্চে উপস্থিত থেকে তাদের লিখিত শেরপুরের উন্নয়ন ভাবনা উপস্থাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে ময়মনসিংহ অঞ্চল। বিভাগ প্রতিষ্ঠার পর ময়মনসিংহের উন্নয়নের দ্বার খুলেছে। তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র নদের ওপারে (শহরের ওপারে) বিভাগীয় কার্যালয়সহ নানা ধরনের স্থাপনা করে নতুন ময়মনসিংহ শহর তৈরি করা হবে। সেখানে থাকবে নভোথিয়েটার, পার্কসহ পরিকল্পিত আবাসিক এলাকা। এ নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।




