ads

শনিবার , ২৬ মার্চ ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহান স্বাধীনতা দিবস আজ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২৬, ২০১৬ ১০:০১ পূর্বাহ্ণ

26 march 2016শ্যামলবাংলা ডেস্ক : আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ৪৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনটিতেই আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। ডাক এসেছিল দেশকে হানাদারদের কবল থেকে মুক্ত করার। পাকিস্তানি শোষকের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার দামাল ছেলেরা। এরই ধারাবাহিকতায় ৯ মাস বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয়েছিল বিজয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন। পৃথক বাণীতে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন তারা। গোটা জাতি আজ শোক ও গভীর শ্রদ্ধার সঙ্গে অবনত চিত্তে স্মরণ করবে স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের। শ্রদ্ধা জানাবে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও স্বাধীনতার ঘোষণাকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরও স্মরণ করবে বঙ্গবন্ধুর অবর্তমানে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী চার জাতীয় নেতা এবং ৯ মাসে অসামান্য আত্মত্যাগকারী বাংলার অকুতোভয় বীর সেনানী মুক্তিযোদ্ধাদের। পাশাপাশি গোটা দেশ আজ মেতে উঠবে স্বাধীনতার উৎসবের আমেজে।
আজ সরকারি ছুটি। প্রত্যুষে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হবে। সূর্যোদয়ের ক্ষণ ভোর ৫টা ৫৭ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবেন অমর শহীদদের প্রতি। এরপর শ্রদ্ধা জানাবেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধারাও সেখানে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বসাধারণের শ্রদ্ধার্ঘ্য অর্পণে ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধ।
সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মনোজ্ঞ শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজসহ বিভিন্ন শরীরচর্চা ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করবেন। এর আগে সকাল ৭টায় প্রধানমন্ত্রী ধানমণ্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেল ৪টায় গণভবনে বাংলাদেশ ডাক বিভাগ প্রকাশিত স্মারক ডাকটিকিট উদ্বোধন করবেন। বিকেল পৌনে ৫টায় বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় ও রঙিন পতাকায় সজ্জিত করা হবে। বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর বাদক দল বাদ্য পরিবেশন করবে। দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সব মসজিদে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ মোনাজাত এবং বেলা ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা আয়োজিত হবে। হাসপাতাল, সরকারি শিশুসদন, এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং কারাগারে দেওয়া হবে উন্নত খাবার। সশস্ত্র বাহিনীর উদ্যোগে জাতীয় প্যারেড স্কয়ারে সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী আজ শুরু হবে। বিভিন্ন সরকারি বিনোদন কেন্দ্র ও জাদুঘরগুলো শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে। সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হবে।
দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বেতারসহ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা ও নিবন্ধ প্রকাশ করবে। সারাদেশের স্মৃতিসৌধগুলোতে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি জেলা-উপজেলা পর্যায়ে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানমালা আয়োজিত হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো অনুরূপ কর্মসূচি পালন করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads