শ্যামলবাংলা ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত কবি রফিক আজাদ আর নেই। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ১২ মার্চ শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নিলিল্লাহে…. রাজেউন)।
কবির ভাতিজি সামসুন্নাহার নিরু জানান, দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসকরা কবিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, গত ২৫ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ১৪ জানুয়ারি রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কবি রফিক আজাদকে ওইদিন প্রথমে রাজধানীর বারডেম হাসপাতাল ও পরে ধানমণ্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন বিকেলে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে কবি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
কবি রফিক আজাদ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামে জন্মগ্রহণ করেন। ভাষা সংগ্রামী রফিক আজাদ মুক্তিযুদ্ধেও ছিলেন সক্রিয়। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান।
এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস জানিয়েছেন, কবির বড় ছেলে কানাডা থেকে দেশে ফিরলে আগামী সোমবার তাকে দাফন করা হবে। এর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে কবির মরদেহ। তিনি জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নাগরিক শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করা হবে। এরপর বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদের পর মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।




