নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে নির্বাচনী প্রচারনার জের ধরে ৭ মার্চ সোমবার রাত ১০টার দিকে বারমারী বাজারের বিএনপির প্রচারনা অফিসে হামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা। ওই ঘটনায় উভয় পক্ষের দুইজন আহত হয়েছে। তাদের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে বারমারী এলাকার বুরুঙ্গা-ব্রিজপাড় শান্তির মোড় এলাকায় বিএনপির প্রার্থী উমর ফারুক এক পথ সভার আয়োজন করে। ওই পথ সভায় বিএনপির জনৈক কর্মীর বক্তব্য দেয়ার সুত্র ধরে রাত ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়ার (মোটরসাইকেল প্রতিক) কর্মী-সমর্থকরা বারমারী বাজারের নির্বাচনী প্রচারনা অফিসে হামলা চালায়।
ওই সময় আন্ধারুপাড়া গ্রামের আব্দুল হাই (৫০) নামের একজন আহত হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়ার কর্মী পলাশীকুড়া গ্রামের আয়ুব আলী (৪৫) নামের আরেকজন আহত হয়। উভয়কেই নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হয়েছে। পরে রাত পৌনে ১১টার দিকে পরিস্থিতি শান্ত হয়।




