স্টাফ রিপোর্টার ॥ ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন উপলক্ষে শেরপুর সরকারি কলেজে ‘৭ মার্চের ভাষণ ও আমাদের স্বাধীনতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম. রিয়াজুল হাসান।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শহীদুল্লাহ’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ছারওয়ার জাহান ও বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু। প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। মূল প্রবন্ধে বলা হয়, বঙ্গবন্ধু ও ৭ মার্চ সমার্থক। ৭ মার্চের ভাষণের মাধ্যমেই তিনি মূলত স্বাধীনতার ডাক দেন। প্রবন্ধের উপর আলোচনা করেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথি প্রফেসর ড.এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বক্তৃতাগুলোর মধ্যে বঙ্গবন্ধুর বক্তৃতা উল্লেখযোগ্য। তাঁর বক্তব্য আমাদের প্রেরণার উৎস। সভাপতির বক্তব্যে মোঃ শহীদুল্লাহ বলেন, সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর যোগসূত্র স্থাপিত হয়। বঙ্গবন্ধুর ভাষণ বাঙ্গালীর ইতিহাসের মাইলফলক হিসেবে বিবেচিত। পরে আলোচক-শিক্ষার্থীদের মধ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পুরস্কার প্রদান করা হয়।




