ads

বুধবার , ২ মার্চ ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউপি নির্বাচন : ডিসি অফিসেও জমা দেওয়া যাবে মনোনয়নপত্র

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মার্চ ২, ২০১৬ ১২:০৪ অপরাহ্ণ

up-electionশ্যামলবাংলা ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা সদরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে শতাধিক স্থানে বাধা দেওয়া হয়েছে_ এমন অভিযোগ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পর থেকে সব নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করছে কমিশন।
বিএনপি, ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টির (জেপি) পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমার সময় বাধা দেওয়ার বিষয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ করা হয়। এদিকে, আগামীকাল বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইসি। নির্বাচনী পরিবেশ ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এ বৈঠকে কর্মপরিকল্পনা নির্ধারণের কথা রয়েছে।
দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচনের জন্য ইসি ঘোষিত তফসিল অনুযায়ী আজ প্রথম ধাপের মনোনয়ন প্রত্যাহার ও দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। প্রথম ধাপে ভোট হবে ২২ মার্চ ও দ্বিতীয় ধাপের হবে ৩১ মার্চ। গত ১১ ফেব্রুয়ারি ইসি ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ৭৫২টি ও দ্বিতীয় ধাপে ৭১০টি ইউপিতে ভোট হওয়ার কথা। তবে সীমানা নিয়ে জটিলতা ও আদালতের স্থগিতাদেশের কারণে প্রথম ধাপে ৭৩৪টি ও দ্বিতীয় ধাপে ৬৫৭টি ইউপিতে ভোট হবে। গতকাল দ্বিতীয় ধাপের ১৫টি ইউপির তফসিল স্থগিত করা হয়েছে।
একাধিক স্থানে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, প্রথম ধাপের মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে একাধিক রাজনৈতিক দলের পক্ষ থেকে কমিশনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। এসব অভিযোগের সব সুনির্দিষ্ট নয়। তবে পরবর্তী ধাপগুলোতে এ ধরনের অভিযোগ যাতে না আসে, তা নিশ্চিত করতেই একাধিক স্থানে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ভবিষ্যতে সব নির্বাচনেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার বিষয়ে ইসি ভাবছে বলে জানান তিনি।
ইসি কার্যালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব জেসমিন টুলী জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সারাদেশে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কমিশনের নতুন নির্দেশনা-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। একটি জেলার একজন প্রশাসনিক কর্মকর্তা ওই জেলার তফসিল ঘোষিত সব ইউনিয়ন পরিষদের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি উপজেলা সদরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
দ্বিতীয় ধাপের ১৫ ইউপির তফসিল স্থগিত :ইসির এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছিটমহল অন্তর্ভুক্ত হওয়ার পর ভোটার তালিকা পুনর্বিন্যাস না করায় রংপুর বিভাগের তিন জেলার ১৫টি ইউপির তফসিল স্থগিত করা হয়েছে। পঞ্চগড়ের বোদার ময়দানদীঘি, কাজলদীঘি কালিয়াগঞ্জ, মায়েরা বামনহাট ও বড়শশী, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ভুরুঙ্গামারী, পাথরডুবি ও শিলখুড়ি, লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর, বুড়িমারী, পাটগ্রাম, কুচলীবাড়ী, জগৎবেড়, জোংড়া ও বাউরা এবং হাতীবান্ধার গোতমারী ইউনিয়নের তফসিল স্থগিত করা হয়। এসব ইউপিতে আজ মনোনয়নপত্র জমা ও ৩১ মার্চ ভোট হওয়ার কথা ছিল। ফলে এ ধাপে এখন পর্যন্ত ৬৫৭টি ইউপিতে ভোট হওয়ার কথা। গত ১৮ ফেব্রুয়ারি ৬৮৪টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও নানা জটিলতায় ১২টি ইউপির তফসিল স্থগিত করা হয়েছিল। এ ছাড়া প্রথম ধাপের আরও দুটি ইউপির ভোটের তফসিল বাতিল করা হয়েছে। ইউপি দুটি হলো কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads