স্টাফ রিপোর্টার : শেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বিদায়ী মেয়র হুমায়ুন কবীর রুমানের কাছ থেকে ওই দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে নবনির্বাচিত মেয়র লিটন স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করে পরিচ্ছন্ন নগর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে তিনি বিদায়ী মেয়র রুমানসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। ওইসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, বিদায়ী ও নবনির্বাচিত পৌর কাউন্সিলরগণ, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে দ্বিতীয় দফায় নির্বাচিত হন গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।




