স্টাফ রিপোর্টার : উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে কৃষিবিদ দিবস’২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৩ ফেব্রুয়ারী শনিবার কৃষিবিদ ইন্সটিটিউশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর ১২ টায় শহরের মাধবপুর এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চকপাঠক এলাকায় অবস্থিত খামার বাড়ী মিলনায়তনে ইন্সটিটিউশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), শেরপুরের উপ-পরিচালক মো. সাজিদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা দেশের প্রবৃদ্ধি অর্জনে কৃষির গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশ ও জাতির উন্নয়ন তথা কৃষকের ভাগ্য পরিবর্তনের জন্য কৃষিবিদরা নিরলসভাবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কৃষিবিদদের প্রথম শ্রেনির মর্যাদা দেওয়ার ঘোষণা দেন। ২০১০ সালে কৃষিবিদ ইন্সটিটিউশন প্রতিবছর দিনটিকে ‘কৃষিবিদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। আজকের অনুষ্ঠানে শেরপুর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শতাধিক কৃষিবিদ অংশ গ্রহণ করেন।




