স্টাফ রিপোর্টার : শেরপুরে অপহরণের ১০ ঘন্টা পর শাহরিয়ার আহাম্মেদ কাজল (৫) নামে প্রথম শ্রেণি পড়–য়া এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের চকপাঠক এলাকার এক বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। সে দিশা স্কুলের প্লে গ্রুপের ছাত্র ও স্থানীয় এনজিও কর্মী শাহ আলমের ছেলে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই স্কুলছাত্রের মামাতো বোন আরিফা সুলতানা তৃপ্তিকে (২০) গ্রেফতার করা হয়। ৩ ফেব্রুয়ারি বুধবার গ্রেফতারকৃত তৃপ্তিকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান বৃহস্পতিবার শুনানীর তারিখ ধার্য করে তাকে জেলা কারাগাওে পাঠানোর নির্দেশ দেন। একই সময়ে উদ্ধার হওয়া শিশু কাজলের জবানবন্দি গ্রহণক্রমে তাকে পিতার হেফাজতে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের বাগরাকসা এলাকার ভাড়া বাসা থেকে পাশের দোকানে নিয়ে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাজলকে অপহরণ করে নিয়ে যায় তার মামাতো বোন অর্নাস পড়–য়া আরিফা সুলতানা তৃপ্তি। তৃপ্তি স্থানীয় চকপাঠক এলাকার বাসিন্দা। এরপর শিশু কাজলকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন আত্মীয় তৃপ্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথা-বার্তার এক পর্যায়ে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ওই ঘটনায় শিশু কাজলের বাবা শাহ আলম মঙ্গলবার রাতে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযান চালিয়ে একই রাত ১১টার দিকে তৃপ্তিকে আটক করে এবং তার দেওয়া তথ্য মোতাবেক পাশের এক বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মাহফুজার রহমান বলেন, ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় একটি অপহরণ-সহায়তার মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত তৃপ্তিকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিরভাবে জিজ্ঞাসাবাদ করলেই তার সাথে আর কে বা কারা জড়িত, সেই তথ্যও উদঘাটিত হবে।




