শ্যামলবাংলা ডেস্ক : সরকার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যানের দায়িত্বে থাকা গোলাম রহমানকে প্রধান তথ্য কমিশনার নিয়োগ দিয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে ৩ ফেব্রুয়ারি বুধবার সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
গত ২০ অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে চেয়ারম্যান করে বাসসের তিন বছর মেয়াদি পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে সরকার, যা গত ৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। সদ্য বিদায়ী প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুকের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় গত ৯ জানুয়ারি তিনি অবসরে গেছেন বলে তথ্য কমিশনের সচিব সদর উদ্দিন আহমেদ জানিয়েছেন। ওই দিন থেকেই জ্যেষ্ঠ তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ভারপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনারের দায়িত্ব পালন করছিলেন বলে জানান তিনি। পাঁচ বছরের জন্য প্রধান তথ্য কমিশনার নিয়োগ দেওয়া হয় জানিয়ে কমিশনের সচিব বলেন, তবে সর্বোচ্চ ৬৭ বছর বয়স পর্যন্ত কেউ এ দায়িত্ব পালন করতে পারেন। ২০১২ সালের ১০ অক্টোবর প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ ফারুক।
তথ্য কমিশনে একজন প্রধান কমিশনার ছাড়াও কমিশনার হিসেবে দুই জন দায়িত্ব পালন করেন। নেপাল চন্দ্র ছাড়াও অধ্যাপক খুরশীদা বেগম সাঈদ কমিশনারের দায়িত্বে আছেন।
এদিকে ড. গোলাম রহমান রতন প্রধান তথ্য কমিশনার নিযুক্ত হওয়ায় তাকেসহ সরকারকে অভিনন্দন জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।
উল্লেখ্য, ড. গোলাম রহমান রতন শেরপুরের বিখ্যাত মমিনবাগের অভিজাত পরিবারের সন্তান।




