স্টাফ রিপোর্টার : তদন্তে ত্রুটির কারণে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদেশে চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় সম্পূরক চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ। ২১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক মোঃ সায়েদুর রহমান খান ওই সম্পূরক চার্জশিট গ্রহণ করেন। একইসাথে মামলায় তদন্ত কর্মকর্তার আবেদন মোতাবেক আসামী আসলাম বাবুর মা জায়েদা বেগমকে অব্যাহতি দিয়ে শিশু রাহাতের আপন খালু আব্দুল লতিফসহ ৪ ঘাতকের জামিনের আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের বিষয়ে শুনানীর জন্য ৩ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২ আগস্ট দুপুরে শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফসহ কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে মুক্তিপণ দাবি করে। অপহরণের ৬ দিন পর ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে অপহৃত শিশু রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত রাহাতের খালু লতিফসহ অপর তিন আসামী রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৮/৩০ ধারা এবং তৎসহ দঃবিঃ ৩০২/২০১/৩৪ ধারায় ২৯ নবেম্বর লতিফসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠায়। কিন্তু দাখিল করা অভিযোগপত্রে সাক্ষীদের বয়স উল্লেখ না থাকায় ১৩ জানুয়ারি পুলিশকে সম্পূরক অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় অপরাধ আমলে নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পরবর্তী বিষয়ে পরবর্তী তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, ঘটনার বিষয়ে শিশু রাহাতের আপন খালু আব্দুল লতিফসহ ৪ ঘাতকই গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কাজেই অভিযোগের দায় থেকে কারও অব্যাহতি পাওয়ার কারণ নেই। বরং আগামী ধার্য তারিখে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে পরবর্তীতে স্বল্পতম সময়ে সাক্ষ্যগ্রহণ করা হবে। এতে দ্রুতই বিচার শেষ করা সম্ভব হতে পারে।




