রেজাউল করিম বকুল, শেরপুর : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়, জাতিসংঘই বলেছে বাংলাদেশ নিম্নমধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। আমরা নিম্ন মধ্যবিত্তই থাকবোনা, আমরা উচ্চই হবো। তিনি ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে শীতবস্ত্র ও অনুদানের নগদ টাকা বিতরণকালে এক সংপ্তি সমাবেশে ওই কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমাদের দৃষ্টি আকাশের দিকে, আমাদের দৃষ্টি শকুনের মত লাশের দিকে না, নিচের দিকে না। আমাদের দেশে একটা রাজনীতি আছে, যারা লাশের রাজনীতি করে, মানুষ পুড়িয়ে মারে, লাশের গন্ধ তাদের কাছে আতরের গন্ধ মনে হয়। তিনি বলেন, আমরা সুস্থ মানুষের রাজনীতি করি, মানুষকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাই আমরা মানুষের লেখাপড়া, যোগাযোগসহ বিদ্যুতের উন্নতি করেছি। বিগত সরকার যেখানে বিদ্যুৎ ৩২০০ মেগাওয়াট রেখে গিয়েছিল এখন আমরা সেখানে ১২ হাজার মেগাওয়াটে ছুঁই-ছুঁই অবস্থায় এসেছি।
এদিন মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম ও ৮ম শ্রেণির ১১৫৯ জন ছাত্র ছাত্রীর মাঝে শীতবস্ত্রের কম্বল এবং ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৩ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে নগদ ৫শ’ টাকা করে মোট ২ লাখ ৩১ হাজার, ৫শ’ টাকা বিতরণ করেন।
ওইসময় কৃষিমন্ত্রীর সাথে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুসাঈদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




