স্টাফ রিপোর্টার : চাকুরি স্থায়ীকরণ ও বকেয়া বেতন প্রদানসহ তিনদফা দাবিতে শেরপুরে সাব-রেজিস্টার কার্যালয়ের নকলনবীশদের অনির্দিষ্টকালের কলম বিরতি পালন কর্মসূচী শুরু হয়েছে। এতে ১৩ জানুয়ারি বুধবার সদর সাব-রেজিস্টার কার্যালয়ে জমির দলিলের নকল লিখা কার্যক্রম বন্ধ ছিল। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবীশ) অ্যাসোসিয়েশন, কেন্দ্রিয় কমিটির আহবানে শেরপুরের নকলনবীশরা ওই কর্মসূচী পালন করছেন।
নকলনবীশ অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামান বলেন, দীর্ঘ নয় মাস যাবত সরকার নকলনবীশদের বেতন বন্ধ রেখেছেন। এ ছাড়া বার বার আশ্বাস দেওয়া সত্ত্বেও নকলনবীশদের চাকুরি স্থায়ী করছেন না। ফলে দেশের বিভিন্ন সাব-রেজিস্টার কার্যালয়ে কর্মরত নকলনবীশরা আর্থিক ও মানসিক দুর্ভোগসহ মানবেতর জীবন যাপন করছেন। তাই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। তিনি অবিলম্বে নকলনবীশদের ন্যায্য দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান। কর্মসূচী চলাকালে নকলনবীশরা সদর সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. মতিউর রহমান ও ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন নকলনবীশদের এ কর্মসূচীর সঙ্গে সংহতি প্রকাশ করেন।




