শ্যামলবাংলা ডেস্ক : ২০ কোটিরও বেশি যন্ত্রে এখন মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হচ্ছে। প্রায় ছয় মাস আগে এই সফটওয়্যারটি উন্মুক্ত করে মাইক্রোসফট। ২০১৫ সালের ২৯ জুলাই উন্মুক্ত হওয়ার পর প্রথম চার সপ্তাহে উইন্ডোজ ১০ ইনস্টল করা হয়েছিল সাড়ে সাত কোটি পিসিতে, যা ১০ সপ্তাহ শেষে ১১ কোটি ছাড়ায়। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মাইক্রোসফট এই সংখ্যা ১০০ কোটি ছোঁয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ দাবি করেছে, সম্প্রতি উইন্ডোজ ১০ এর ব্যবহার বেড়েছে। গ্রাহকেরা উইন্ডোজ ১০ চালিত পিসিতে বেশি সময় কাটাচ্ছেন। শুধু গত মাসেই উইন্ডোজ ১০ চালিত পিসিতে ১১ হাজার ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন গ্রাহকেরা।
বাজার গবেষণা প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনসের তথ্য অনুযায়ী, বর্তমানে উইন্ডোজ ১০ জনপ্রিয় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মাইক্রোসফট। বর্তমানে উইন্ডোজ সফটওয়্যারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে উইন্ডোজ ৭। নেট অ্যাপ্লিকেশনসের তথ্য অনুযায়ী বর্তমানে ৫৫ দশমিক ৬৮ শতাংশ বাজার দখল করে রেখেছে উইন্ডোজ ৭, যা গত বছরের নভেম্বরে ছিল ৬০ শতাংশের বেশি। উইন্ডোজ ১০ এর প্রচার ও মাইক্রোসফটের চেষ্টার কারণে উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তা কমেছে। ২০১২ সালে জনপ্রিয় উইন্ডোজ এক্সপি সফটওয়্যারকে পেছনে ফেলে উঠে আসে উইন্ডোজ ৭। বাজার দখলের ক্ষেত্রে আগামী বছরে এর অবস্থান কিছুটা নিচে নামলেও জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসেবে শীর্ষে থাকবে বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা।
বাজার গবেষণা প্রতিষ্ঠান নেট অ্যাপ্লিকেশনসের হিসেবে বাজারে এর অবস্থান মাত্র ১০ শতাংশের কাছাকাছি (৯.৯৬)। উইন্ডোজের সাম্প্রতিক সংস্করণগুলোর মধ্যে উইন্ডোজ ৮ ও ৮ দশমিক ১ এর জনপ্রিয়তা কমেছে। এই দুটি সংস্করণ মিলে বাজারের ১৩ দশমিক ০৬ শতাংশ দখল করেছে। চলতি বছরে এ দুটি সংস্করণের জনপ্রিয়তা ১০ শতাংশের নিচে নেমে আসতে পারে।
এখনো উইন্ডোজ এক্সপি আর ভিসতা ব্যবহার করছে মানুষ। বর্তমানে উইন্ডোজ ভিসতার দখলে বাজারের এক দশমিক ৬২ শতাংশ আর এক্সপির দখলে ১০ দশমিক ৯৩ শতাংশ। এ বছর শেষে এক্সপির জনপ্রিয়তা আরও কমে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
সব মিলিয়ে পিসির অপারেটিং সিস্টেমের বাজারে কিছুটা দখল হারিয়েছে মাইক্রোসফট। বর্তমানে উইন্ডোজের সব সংস্করণ মিলিয়ে মাইক্রোসফটের দখলে বাজারের ৯১ দশমিক ৩২ শতাংশ। এর পরে ৭ দশমিক ০২ শতাংশ দখল রয়েছে ম্যাক ওএস এক্স ও ১.৬৬ শতাংশ লিনাক্সের। তথ্যসূত্র: ইউএসএ টুডে ও ভেঞ্চারবিট।




