জুবাইদুল ইসলাম, শেরপুর : শেরপুরের শ্রীবরদী পৌরসভার এপিপিআই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে বেলা পৌনে ১২টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ফকির মাহমুদ (৬৫) ও আজিজুল হকসহ (৪৫) অন্তত: ৫ জন আহত হয়েছেন। পরে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া নকলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে রফিজ উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে বলে নকলা থানার ওসি গোলাম হায়দার জানিয়েছেন। এদিকে, শেরপুরের চারটি পৌরসভার ৬৪টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়। বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন উপলক্ষে প্রতিটি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কারণে পৌর নির্বাচনে জেলায় কোনো বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। কয়েকটি কেন্দ্রে স্থানীয় কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের পক্ষে গোলযোগের চেষ্টা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তা সম্ভব হয়নি। খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্স ও নির্বাচনী মোবাইল কোর্ট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




