স্টাফ রিপোর্টার : শেরপুরের ৪ পৌরসভাতেই বেসরকারী ফলাফলে নিরঙ্কুশ জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল ওই নির্বাচনী ফলাফল নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেরপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন নৌকা প্রতীক নিয়ে ২৩ হাজার ৪০৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত আব্দুর রাজ্জাক আশীষ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ১৪০ ভোট।
নালিতাবাড়ীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বক্কর সিদ্দিক বাক্কার নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৭২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত বর্তমান মেয়র আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ৩ হাজার ৮৭১ ভোট পেয়েছেন। এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হালিম পেয়েছেন ২ হাজার ৯৭৬ ভোট ও বিএনপি বিদ্রোহী প্রার্থী শামছুল আলম সওদাগর ২ হাজার ২২৯ ভোট পেয়েছেন।
নকলা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজুর রহমান লিটন নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৪০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরে আলম সিদ্দিকী উৎপল পেয়েছেন ৫ হাজার ১২৩ ভোট। এদিকে বর্তমান মেয়র মোখলেসুর রহমান তারা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৫৪ ভোট।
শ্রীবরদী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত বর্তমান মেয়র আব্দুল হাকিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৭৭৫ ভোট।




