স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তান শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিতর্কিত বক্তব্যের নিন্দা জানিয়ে তার বিচার দাবি করেছেন একাত্তরের গণহত্যার শিকার নালিতাবাড়ীর সোহাগপুরের বিধবাপল্লীর নির্যাতিত নারীরা। ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে ডিসি অফিস চত্বরে জেলা জাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা ওই দাবি করেন।
জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লব দে লব, ছামেদুল হক, হারুন অর রশিদ, আকরাম হোসেন, ছাইফুল ইসলাম কাকন প্রমুখ। সমাবেশে একাত্তরে গণহত্যার শিকার শেরপুরের সীমান্তবর্তী সোহাগপুর বিধবা পল্লীর শহীদ পতœী সমেলা বেওয়া ও শহীদ সন্তান জালাল উদ্দিন পাকিস্তানি হানাদার বাহিনী ও কুখ্যাত রাজাকার আলবদরদের নৃশংস হত্যাকান্ড এবং নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। একাত্তরের ২৫ জুলাই সকালে সোহাগপুর ও আশেপাশের গ্রামের গণহত্যা চালিয়ে আড়াইশতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিলো। সমেলা বেওয়া তার বক্তব্যে বলেন, ওইদিন তার স্বামীসহ পরিবারের ৪জনকে হত্যা করা হয়েছিলো। ওই লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। শহীদ সন্তান জালাল উদ্দিন তার পিতাসহ হারিয়েছেন পরিবারের ৭জনকে। তারা বলেন, ওই গণহত্যা ও নারী নির্যাতনের দায়ে কুখ্যাত যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাসি হয়েছে। আর খালেদা জিয়া শহীদদের নিয়ে অপমানজনক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃতির অপচেষ্টা করেছেন। ওইসময় খালেদা জিয়ার মিথ্যাচারের বিচারও দাবি করা হয়। সমাবেশে জাসদ নেতারা বলেন, খালেদা জিয়া শহীদদের নিয়ে বিতর্কের সৃষ্টি করে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধো ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং পাকিস্তানিদের পক্ষে তার অবস্থানকে স্পষ্ট করেছেন। এহেন রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ায় খালেদা জিয়ার বিচার হওয়া জরুরি বলেও দাবি জানান জাসদ নেতৃবৃন্দ।




