নারায়ণগঞ্জ প্রতিনিধি : চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি দীর্ঘদিন ভারতে থাকা নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১৩ নভেম্বর শুক্রবার দুপুরে নারায়াণগঞ্জ মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালতে হাজির করে নূর হোসেনকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে নূর হোসেনকে ১১ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন। নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন। এর আগে দুপুর আড়ইটার দিকে জেলা পুলিশ লাইন্স থেকে আদালতে নেওয়া হয় নূর হোসেনকে। এরপর তাকে নারায়াণগঞ্জ মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকায় র্যাব সদর দফতর থেকে পুলিশ ও র্যাবের কঠোর নিরাপত্তায় তাকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ৩৩ মিনিটে যশোরের বেনাপোল সীমান্তে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নূর হোসেনকে হস্তান্তর করে ভারত।পরে সেখান থেকে র্যাব হেফাজতে তাকে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে নিয়ে আসা হয় ঢাকার উত্তরায়, র্যাব সদরদফতরে। সেখানে সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তার কাছে নূর হোসেনকে হস্তান্তর করে র্যাব।
গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ পাওয়া যায়। চাঞ্চল্যকর এই ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান প্রধান আসামি নূর হোসেন। চলতি বছরের ৮ এপ্রিল সাত খুনের মামলায় র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এমএম রানা, নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে চার্জশিট দেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে নূর হোসেনসহ ১৩ জনকে পলাতক দেখানো হয়। ২০১৪ সালের ১৪ জুন কলকাতা বিমানবন্দর সংলগ্ন কৈখালী এলাকা থেকে নূর হোসেন তার দুই সহযোগী সেলিম, সুমনসহ গ্রেফতার হন।




