স্টাফ রিপোর্টার : শেরপুরে ছাত্রী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে পলিটেকনিক্যাল ইনিস্টিটিউটের সামনে স্পীড ব্রেকারের দাবিতে প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে সেখানকার ছাত্র-ছাত্রীরা। ১১ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পযন্ত ওই অবরোধ চলে।
জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে ওই প্রতিষ্ঠানের ছাত্রী আকলিমা আক্তার রাস্তা পার হয়ে কলেজে ঢোকার সময় বিপরীত দিক হতে আসা দ্রুত গতির একটি সিএনজি ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় ছাত্ররা তাকে হাসপাতালে ভর্তি করে। ওই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সকল ছাত্র-ছাত্রী রাস্তায় বের হয়ে গাছ ফেলে রাস্তা অবরোধ করে ২৪ ঘন্টার মধ্যে স্পীড ব্রেকার স্থাপনের দাবিতে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সিএনজি মালিক সমিতি আলোচনা করে ৭দিনের মধ্যে স্পীড ব্রেকার নির্মাণ ও আহত ছাত্রীর চিকিৎসার ব্যয়ভার বহন করার আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশ জানান, সিএনজির ধাক্কায় একজন ছাত্রী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এবং পরবর্তীতে তাদের সাথে ফলপ্রসূ আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।




