স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত অটোরিক্সা উল্টে শরাফত আলী (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় উপজেলার চকবন্দী মধ্যপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শরাফত আলী স্থানীয় টাকি শেখের ছেলে। ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪ যাত্রী। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে শরাফত আলীসহ কয়েকজন ঝগড়ারচর বাজার থেকে ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিলেন। অটোরিক্সাটি চকবন্দী মধ্যপাড়া এলাকার ভাঙা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই শরাফত আলী মারা যায়। পথচারী ও আশেপাশের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর অবস্থায় একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।




