সিলেট : শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ৮ নভেম্বর আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। ২৭ অক্টোবর মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা মামলার রায় ঘোষণার ওই দিন ধার্য করেন। শিশু রাজনের বাবা শেখ আজিজুর রহমানের আইনজীবী ই.ইউ শহীদুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার আসামিপক্ষের দুই আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত। গত ১ অক্টোবর থেকে ১১ কার্যদিবসে এ মামলায় আদালতে ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত রোববার ও সোমবার মামলার রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। সোমবারই যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আসামী পক্ষের আইনজীবীরা। মঙ্গলবার তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।
গত ১৫ অক্টোবর এ মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হয়। এর পর কামরুলের আবেদনের পরিপ্রেক্ষিতে তার উপস্থিতিতে ৩৬ জন সাক্ষির মধ্যে ১১ জনের পুনরায় সাক্ষ্যগ্রহণ করা হয়।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। ঘাতকরা নির্যাতনের ভিডিওচিত্র ফেসবুকে আপলোড করলে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়। এর পর মামলার প্রধান আসামি কামরুল সৌদি আরবে পালিয়ে গিয়ে প্রবাসীদের হাতে ধরা পড়েন। ভিডিওটি প্রকাশের পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার দেড় মাস পর তদন্ত শেষ করে গত ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার। এরপর ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় আলোচিত এ হত্যা মামলার বিচার প্রক্রিয়া। মামলার ১৩ আসামির মধ্যে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।




