কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় এক বখাটের উপর্যুপরি ছুরিকাঘাতে দশম শ্রেণির এক ছাত্রী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১৮ অক্টোবর রবিবার সকালে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা গ্রামে ওই ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত বখাটেকে আটক করতে পারেনি।
ওই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীসহ স্থানীয়রা কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবেরাধ করে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিলে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আহত ছাত্রী সেতু (১৫) স্থানীয় নান্দলা অছম উদ্দিন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। গত অনেকদিন ধরেই পনকলিমা গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে তৌফিক (১৮) সেতুকে প্রেমের প্রস্তাব দিয়ে রাজী হতে চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু সেতু এতে রাজী ছিল না। রবিবার সকাল ৯টার দিকে সেতু স্কুলের সামনে পৌঁছা মাত্রই আগে থেকে ওৎ পেতে থাকা তৌফিক তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে তার গলা, কাধ ও পিঠে আঘাত করে। এ সময় সেতুর চিৎকারে শিক্ষার্থীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে তৌফিক দ্রুত পালিয়ে যায়।
সেতুর বাবা পনকলিমা গ্রামের হেলাল উদ্দিন জানান, গত কিছুদিন ধরেই তৌফিক তার মেয়েকে উত্যক্ত করত, সেতু এ নিয়ে কয়েকবার অভিযোগ করেছে।
সেতুর সাথে হাসপাতালে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, রবিবার সেতুর এসএসসি নির্বাচনী পরীক্ষা ছিল। বখাটে তৌফিক প্রায়ই সেতুকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত। এ নিয়ে আগে একবার শালিসে তৌফিকের বিচার হলেও সে নিবৃত্ত হয়নি।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। অভিযুক্তকে আটকে পুলিশ অভিযানে নেমেছে।




