স্টাফ রিপোটার : শেরপুর সরকারী কলেজ মাঠে ৫ দিনব্যাপি আয়োজিত বার্ষিক আন্তঃকলেজ খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। ১৪ অক্টোবর বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আশীষ চন্দ্র কর। সার্বিক তত্বাবধানে ছিলেন শেরপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ছারওয়ার জাহান। ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও শেরপুর সরকারী কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ আব্দুর রশীদসহ বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়ার উপস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শেরপুর সরকারী কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী আশামনি দু’টি খেলায় প্রথম ও একটি খেলায় দ্বিতীয় হয়ে একক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতায় ১১টি কলেজ অংশ নেয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ।




