যশোর প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচার বিভাগ এখন একেবারেই স্বাধীন। আগে সরকার বা নির্বাহী বিভাগের প্রস্তাব অনুযায়ী যেভাবে বিচারক নিয়োগ দেওয়া হতো, এখন সেটা হচ্ছে না। এখন আমি সন্তুষ্ট না হলে কোনো বিচারক নিয়োগ দিই না। বিচারকরা সম্পূর্ণ প্রভাবমুক্ত ও কোনরকম চাপ ছাড়াই স্বাধীনভাবে বিচারকাজ করেন।’ তিনি ১২ অক্টোবর সোমবার যশোর জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে ওই কথা বলেন।
এসময় প্রধান বিচারপতি বলেন, ‘পর্যায়ক্রমে সকল জেলা আদালতে জানুয়ারি মাসের মধ্যে ই-সেবা চালু করা হবে। প্রধান বিচারপতি হিসেবে ও আইনের অভিভাবক হিসেবে আমি বিচারকদের সর্বপ্রকার সুযোগ সুবিধা প্রাপ্তির ব্যাপারে সজাগ আছি। একইসঙ্গে কোন বিচারকের বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করবো।’ বিচারকাজে সকল আইনজীবীকে সহযোগিতার আহবান জানান তিনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় আরো উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের রেজিস্টার আবু সৈয়দ দিলজার হোসেন, স্পেশাল অফিসার বেগম হোসনে আরা আকতার, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার মো. সাব্বির ফয়েজ, যশোরের জেলা ও দায়রা জজ ইসরাইল হোসেন প্রমুখ।




