স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা সদর হাসপাতালের দন্ত চিকিৎসক ডা. মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন এক গৃহিণী । অভিযোগকারীর জবানবন্দী গ্রহণ করে ট্রাইব্যুনালের বিচারক মোঃ সায়েদুর রহমান খাঁন ৪ অক্টোবর রবিবার ওই মামলার শুনানীর দিন ধার্য করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২৪ আগস্ট সোমবার দাঁতের ব্যথা নিয়ে শহরের চকপাঠক এলাকার ওই গৃহবধূ শেরপুর সদর হাসপাতালে যান এবং টিকিট কেটে ডাক্তার মো. জাহাঙ্গীর আলমের কক্ষে প্রবেশ করেন। ওইসময় তিনি গৃহবধূকে বিকেলে সদর হাসপাতাল সড়কে তার ব্যক্তিগত চেম্বার ইউএস ডেন্টাল কেয়ারে যেতে বলেন। বিকেল ৪ টার দিকে ওই চেম্বারে গেলে অন্য কোন রোগী না থাকায় ওই ডাক্তার চেম্বারের ভিতরে তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় তিনি চিৎকার করলে তার সাথে আসা ভাবী ও বোন তাকে উদ্ধার করে। পরে শেরপুর সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয়।
ঘটনা সম্পর্কে গৃহবধূর কাছে জানতে চাইলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক ডা. মো. জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, আইনজীবীর মাধ্যমে ওই নারী আদালতে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। চিকিৎসক এ ধরনের ঘটনা ঘটালে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।




