রংপুর : রংপুরে জাপানের এক নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত হোসো কোমিও (৬৫) রংপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থাতে (এনজিও) কাজ করতেন। রাজধানীর গুলশানে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যার এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটলো। খুনের ঘটনায় বাড়ির মালিক, ব্যবসায়িক অংশীদার, রিকশাওয়ালাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে রংপুর সদরের আলুটারী এলাকায় রিকশায় যাওয়ার পথে দুই থেকে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কোমিওকে গুলি করে। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন জানান, ওই ব্যক্তির বুকে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
রংপুর কোতায়োলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে রংপুর সদরের আলুটারী এলাকায় ওই হত্যাকাণ্ডের পর দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মুরাদ, রিকশা চালক মুন্নাফ মিয়া, হিরা ও জাকারিয়া। এদের মধ্যে মুন্নাফের রিকশায় যাচ্ছিলেন কোমিও। আর হিরার সঙ্গে তিনি ব্যবসা করতেন এবং জাকারিয়ার বাসায় ভাড়া থাকতেন।




