নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম কাকরকান্দি গ্রামে স্বামী ইসমাইলের দায়ের কোপে স্ত্রী বিলকিছ নিহতের পর আহত শ্বাশুড়ি খালেদা বেগমও (৪৮) মারা গেছেন। ২৮ সেপ্টেম্বর সোমবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, দাম্পত্য কলহের জের ধরে হালুয়াঘাট উপজেলার চরগোরকপুর গ্রামের স্বামী ইসমাইল হোসেন নালিতাবাড়ী উপজেলার পশ্চিম কাকরকান্দি গ্রামের স্ত্রী বিলকিছকে ঈদের দ্বিতীয় দিন রাতে শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে কুপিয়ে জখম করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় এক সন্তানের জননী বিলকিছ। ফেরাতে এসে গুরুতর আহত শ্বাশুড়ি খালেদাকে ঢামেকে পাঠানো হলে একদিনের ব্যবধানে সোমবার ভোররাতে তিনিও মারা যান।
এদিকে ফেরাতে এসে আহত মামা শ্বশুর নুরুল ইসলাম, প্রতিবেশি কুদ্দুস ও অজুফা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও স্ত্রী-শ্বাশুড়ি হন্তারক ইসমাইলকে হাতেনাতে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহত গৃহবধু বিলকিছের ভাই আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।




