নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পাখি শিকারের প্রস্তুতিকালে ৩ পাখি শিকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৭ সেপ্টেম্বর ভোর রাত ৩টার দিকে পৌর শহরতলী চাংতলার মাঠ এলাকায় মেইন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নকলা উপজেলার আদমপুর গ্রামের শামছুল হকের ছেলে সবুজ মিয়া (২৩), নবী হোসেনের ছেলে শাহজাহান মিয়া (৩২) ও মোহাম্মদ আলীর ছেলে কামাল হোসেন (১৮)।
থানা পুলিশের এসআই মুক্তি মাহমুদ জানান, বৃস্পতিবার ভোর রাতে পাখি শিকারী ওই ৩ যুবক চাংতলার মাঠ এলাকায় বক শিকারের উদ্দেশ্যে এসে ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছিল। ওইসময় পুলিশের টহল দল শিকারের সরঞ্জামসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।




