হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরনে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত গলাকাটা ফি আদায় করায় জনস্বার্থে উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের এক অভিভাবক হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশনা ফরম পূরনের শেষ তারিখের ২ দিন আগে প্রদান করলেও তার সুফল পায়নি দরিদ্র শিক্ষার্থীরা। কেননা রীটের রায় প্রকাশের আগেই অতিরিক্ত ফি নিয়ে ফরম পূরন সম্পন্ন করে ফেলে উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্টান।
সংশিষ্ট সূত্রে জানাযায়, এ বছরের ২৭ নভেম্বর এসএসসির ফরম পূরণের সর্বশেষ তারিখ নির্ধারন করে ঢাকা বোর্ড বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ২৯০ টাকা,মানবিক ও ব্যাবসায় শিক্ষা শাখার জন্য ১হাজার ২০০ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ৬৫০ টাকা ফি ধার্য করলেও বিভিন্ন খাত-উপখাত দেখিয়ে উপজেলার বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্টানে শিক্ষার্থী প্রতি গড়ে ২ হাজার টাকা থেকে ২ হাজার ৭০০ টাকা আদায় করা হয়। এছাড়া অনেক শিক্ষাপ্রতিষ্টানে অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থী প্রতি আরও ৫০০ থেকে ১ হাজার টাকা আদায় করা হলে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবক মহলে দারুন ক্ষোভের সৃষ্টি হয়।
এরই ধারাবাহিকতায় উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার পরিক্ষার্থী বাবুল মিয়ার বড়ভাই মাসুদ রানা বাদী হয়ে হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করলে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদীর আইনজীবি এডভোকেট মাহফুজুর রহমান বিষয়টি বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চের নজরে আনলে এসএসসি ফরম পূরনে অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশ প্রদান করেন। সেই সঙ্গে যেসব পরীক্ষার্থীকে বর্ধিত ফি ছাড়া ফরম পূরণ করতে দেওয়া হচ্ছেনা তাদেরকে বোর্ড নির্ধারিত ফি নিয়ে ফরম পূরণের সুয়োগ দানেরও নির্দেশ দেন। কিন্তু ফরম পূরনের শেষ পর্যায়ে এ আদেশ এলেও এরই মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়েই শিক্ষা প্রতিষ্টানগুলো ফরম পূরন সম্পন্ন করে ফেলে। ফলে অতিরিক্ত ফি আদায় বন্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার সুফল পায়নি হোসেনপুরের দরিদ্র শিক্ষার্থীরা।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার পরীক্ষার্থী শাকিলা আক্তারের বড় ভাই ফরজুর রহমান জানান, ওই স্কুলের ফাতেমা নামের এক পরীক্ষার্থীর বাবা শহিদুল্লাহ ঢাকায় রিকসা চালান, মোশারফ নামের এক পরীক্ষার্থীর বাবা আব্দুর রাজ্জাক প্যারালাইসিস রোগে শয্যাসায়ী, একজন পরীক্ষার্থীর বাবা নেই এ রমক অনেক দরিদ্র অসহায় পরীক্ষার্থীদের প্রতি কোন মানবিক সহানুভুতিও দেখায়নি স্কুল কতৃপক্ষ। এসময় ভুক্তভোগী আরেক পরীক্ষার্থী রিপা আক্তারের বাবা ক্যানসারে আক্রান্ত আবু তাহের জানান, চিকিৎসার পিছনে সবকিছু ব্যয় করে তিনি আজ নিঃস্ব। তারা পরিবারে উপার্জক্ষম বলতে কেউ নেই।তার পরও বিভিন্ন তদবির করে এক প্রভাবশালী ব্যাক্তির সুপারিশে দুই হাজার টাকায় ফরম পূরন করতে বাধ্য হয়েছেন কিন্তু ফরম পূরণের শেষ দিকে হাইকোর্টের রীটের আদেশ এলেও আমাদের কোন কাজে লাগেনি।
মামলার বাদী মাসুদ রানা জানান, ওই স্কুলে রশিদ ছাড়া বোর্ডের অতিরিক্ত টাকা নিয়ে ফরম পূরণ করতে থাকলে স্থানীয় অভিভাবকদের পক্ষ থেকে প্রথমে উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে শিক্ষা মন্ত্রী, শিক্ষ সচিব ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অনুলিপি দিয়েও জরুরি প্রতিকার না পেয়ে জনস্বার্থে হাইকোর্টে রীট পিটিশন দায়ের করতে বাধ্য হন তিনি। তবে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান বাড়তি টাকা নিয়ে ফরম পূরনের কথা অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের উন্নয়ন বাবদ অন্যদের মত এ স্কুলেও শিক্ষার্থীদের কাছ থেকে কিছু বাড়তি টাকা নিয়েছেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার বেগম বদরুনাহার ইয়াছমিন জানান, গত ১১ নভেম্বর জেলা শিক্ষা অফিসার আব্দুস সামাদের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্টান গুলোকে বোর্ড নির্ধারিত ফির মাধ্যামে এসএসসির ফরম পূরনের জন্য বলা হলেও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে কেন অতিরিক্ত ফি আদায় করেছে তা তার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।




