কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, সমাজে মায়েরা সচেতন হলে শিক্ষার বিপ্লব ঘটবে। আজকের এই কোমলমতি শিশুরা আগামীতে দেশ ও জাতীর কর্ণধার হবে। মেয়ে ও ছেলে সন্তানকে সমান সুযোগ দিলে এই মেয়েরাই দেশের উন্নয়নে সমান ভূমিকা রাখবে কালীগঞ্জ তথা সারা বাংলাদেশে। দেশকে ভালবেসে দেশের স্বার্থে, নিজের স্বার্থে শিক্ষিত হওয়া জরুরী। আর মায়েদের প্রতি অনুরোধ সরকারের পক্ষে প্রতিটি শিক্ষার্থীর খোঁজ-খবর নেয়া সম্ভব নয়। তাই আপনাদের সন্তানদের খোঁজ-খবর আপনাদেরই রাখবে হবে। সে যেন কোন কারণে বিপদে ধাবিত না হয়। মাদকাসক্ত না হয়। দেশ এগিয়ে যাচ্ছে আর এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কন্যা সন্তান অবদান রাখবে এটাই বর্তমান সরকার বিশ্বাস করে। বর্তমানে যাদের নাম মেধা তালিকায় উঠেছে, আমি আশা করি আজকের মায়েরা বেশি সচেতন হলে ভবিষ্যতে মেধাবীদের তালিকা আরো বেশি দীর্ঘ হবে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নারী। এর আগেও দেশের প্রধানমন্ত্রী নারী ছিল। কিন্তু এ দেশের নারীদের উন্নয়নের মূল অগ্রযাত্রায় মূলত আওয়ামী লীগ সরকারই নিয়ে এসেছে। বাংলাদেশের মাথা পিছু আয় বৃদ্ধি পাওয়ার পেছনে আমাদের দেশের নারীদের অবদান অস্বীকার্য। দেশের ৪০ শতাংশ নারী পোষাক শিল্পের সাথে জড়িত এবং দেশের জন্য সুনাম বয়ে আনছে। ’৭১ এ স্বাধীনতা রক্ষার যুদ্ধেও ২ লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। সুতরাং ছেলেদের ক্ষেত্রে নারীরা কোন অংশেই কম নয়।

উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, জেলা শিক্ষা অফিসার সাহিদা বেগম নাজমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি। রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর তারিকুল ইসলাম সেগুনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক কেবিএম মফিজুর রহমান খাঁন, অর্থ বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলাম প্রমূখ।




