সরকার দেশের ১০টি উপজেলাকে ‘মডেল উপজেলা’ হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা একটি। ২২৫.৩৮ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট মাদারগঞ্জ মডেল উপজেলায় লোক সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৪৯ জন। শিক্ষার হার : ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ৬০%। পৌরসভা ১টি- মাদারগঞ্জ পৌরসভা। ইউনিয়ন ৭টি। যথা- চরপাকেরদহ, কড়ইচ‚ড়া, গুনারীতলা, বালিজুড়ী, জোরখালি, আদারভিটা ও সিধুলী। গ্রাম ১২৬ টি, হাট-বাজার ২০টি, বিল ৭টি, শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মারক স্মৃতিস্তম্ভ ১টি, সরকারি ও বেসরকারি কলেজ ১০টি, মাদ্রাসা ২৭টি, মন্দির ৩টি ইত্যাদি। মাদারগঞ্জ মডেল উপজেলা পরিষদের দক্ষিণ পাশ ঘেষে ‘খরকা বিল’ অবস্থিত। বিলটি সুখনগরী মৌজার অন্তর্গত। এককালে এই ‘খরকা বিল’ তার বিশালতা, গভীরতা আর সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। বিখ্যাত ছিল সুস্বাদু রুই, কাতল, মৃগেল, চিতল, বোয়াল, শোল, গজার, শিং, মাগুর, কৈ আর চাপিলা মাছের জন্য। কিন্তু প্রমত্তা যমুনা নদীর করাল গ্রাসের শিকার এবং বন্যার স্রোতে বালি আর পলি মাটি এসে ভরাট হয়ে খরকা বিলের সেই জৌলুষ, সৌন্দর্য ও সুখ্যাতি এখন আর অবশিষ্ট নেই। ভুরভুরা বিলটিও ভরাট হওয়ার পথে। কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এসব বিল খনন ও সংস্কার করে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়া যেতে পারে। ‘মাদারগঞ্জ’ নামকরণ সম্পর্কে জানা যায়, এ অঞ্চলে ‘মাতার’ নামে এক সাধু বাস করতেন। সেই মাতার সাধুর নাম থেকে ‘মাদারগঞ্জ’ নামের উৎপত্তি। সুদূর অতীতে এই বিস্তীর্ণ এলাকা জলাভ‚মি ছিল। কালক্রমে এই অঞ্চলটি জেগে উঠে এবং ক্রমশ জনবসতি গড়ে উঠে। অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। ব্যবসা ও চাকুরীতে নিয়োজিত লোকের সংখ্যাও নেহায়েত কম নয়। উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাও রয়েছেন অনেক। ব্রিটিশ আমলে অনেক ভূ-স্বামী বা সামন্তপ্রভু অথবা তালুকদার ছিলেন মাদারগঞ্জে। জোরখালি ইউনিয়নে ছিল নীলকুঠি। নীলকরদের রেখে যাওয়া কোন চিহ্নের অস্তিত্ব এখন আর নেই।
নানা কারণে মাদারগঞ্জ ইতিহাসে স্থান করে নিয়েছে। শেরেবাংলা এ.কে ফজলুল হক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের চারণ কবি ইসমাঈল হোসেন সিরাজী মাদারগঞ্জ সফর করেছিলেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ব্রিটিশ সরকারের গ্রেফতার এড়াতে মাদারগঞ্জের মির্জাপুর চরে মাওলানা আহমেদ আলীর বাড়িতে আত্মগোপন করেছিলেন। ১৯৭১ খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধ চলাকালে মাদারগঞ্জ বরাবরই মুক্তাঞ্চল ছিল। পাকিস্তান বাহিনী মাদারগঞ্জে প্রবেশ করতে সাহস করেনি। তবে মাঝে মধ্যে নৌ-পথে এসে যমুনা নদীর তীরবর্তী মানুষের ঘর-বাড়ী পুড়িয়ে দিয়েছে। মাদরগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে যে ক’জনের নাম পাওয়া গেছে তারা হলেন- মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবীর কাদের সিদ্দিকীর ঘনিষ্ঠ সহযোগী বীর মুক্তিযোদ্ধা আবুল বারাকাত মুক্তা, বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আবু বকর, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (১), বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (২) এবং মেলান্দহে হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ রমিজ উদ্দিন হরাই। মাদারগঞ্জে অনেক কৃতি সন্তানের জন্ম হয়েছে। জামালপুর আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন মাদারগঞ্জের আশেক মাহমুদ তালুকদার এর তিন পূত্র আফতাব উদ্দিন, হুদা ও জোহা। মাদারগঞ্জ এএইচজেড সরকারী কলেজ তাদের তিন ভাইয়ের নামেই প্রতিষ্ঠিত হয়েছে। রইছ উদ্দিন আহমেদ পাকিস্তান আমলে পার্লামেন্টারিয়ান সেক্রেটারী ছিলেন। গিয়াস উদ্দিন আহমেদ পাকিস্তান সরকারের মন্ত্রী ছিলেন। শিক্ষাবিদ করিমুজ্জামান তালুকদার এমএনএ ছিলেন। ডাঃ তাহেরুজ্জামান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিলেন। চাঁদপুর ফাজেল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফাত উদ্দিন তালুকদার এমএলএ ছিলেন। মাদারগঞ্জ-মেলান্দহ আসন থেকে একাধারে ৫ বারের নির্বাচিত এমপি, জাতীয় সংসদের সাবেক হুইপ মীর্জা আজম বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য। বিএনপি’র তৎকালীন মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বিরুদ্ধে জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব এনে তিনি ১৯৯১-৯২ খ্রীষ্টাব্দে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। মীর্জা আজম জামালপুরে ‘ফজিলাতুননেছা মুজিব বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছেন। মাদারগঞ্জের আদারভিটা ‘মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজ’সহ মাদারগঞ্জ ও মেলান্দহে ৪০টিরও বেশী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি গীতিকার ও মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুর নামে ১৯৯৬ খ্রিষ্টাব্দে আদারভিটা ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি মাদারগঞ্জ ও মেলান্দহের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। মাদারগঞ্জের সাথে সারিয়াকান্দি হয়ে বগুড়া যাতায়াতের জন্য রাস্তা ও ব্রীজ নির্মাণসহ যমুনা নদীতে ফেরী চলাচলের ব্যবস্থা করেছেন। বৃহত্তর জামালপুরের অহংকার জনদরদী শিক্ষানুরাগী ও উন্নয়নের রূপকার এবং প্রচণ্ড সাংগঠনিক কর্মক্ষমতা সম্পন্ন জননেতা মির্জা আজম জাতীয় রাজনীতিতে আপন মহিমায় বলিষ্ঠ নেতৃত্বের ক্ষেত্র তৈরী করবেন বলে আমার বিশ্বাস।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের পিতা মির্জা আবুল কাশেম ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, ধর্মানুরাগী ও জনদরদী ব্যক্তি। জামালপুর ও বগুড়া অঞ্চলের মানুষের কাছে তিনি আপন মহিমায় সুপরিচিত ছিলেন। বালিজুড়ী বাজারে বিভিন্ন গুরুত্বপূূর্ণ স্থাপনা নির্মাণ করে তিনি বাজারের সমৃদ্ধি ও সৌন্দর্য বৃদ্ধি করেছেন। তিনি মাদারগঞ্জ উপজেলা সদরে একটি আবাসিক পল্লী ও স্থাপনা নির্মাণসহ বালিজুড়ী বাজারে তিনটি মার্কেট নির্মাণ করেন। এগুলো হলো- নুরুন্নাহার মার্কেট, বকুল মার্কেট ও মসজিদ মার্কেট। মির্জা আবুল কাশেমের নামে দু’টি হাইস্কুল, একটি ফাজিল মাদ্রাসা, একটি এতিমখানা ও একটি পাবলিক লাইব্রেরী রয়েছে। তার স্ত্রীর নামে স্থাপিত হয়েছে ‘মাদারগঞ্জ নুরুন্নাহার মহিলা ডিগ্রী কলেজ’। দাতা প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগীদের মাঝে আরও রয়েছেন চরপাকেরদহ ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ও পরে চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মীর মোফাজ্জল হোসেন মাস্টার, জোরখালি ইউপি চেয়ারম্যান ও শিক্ষানুরাগী ওয়াসীম উদ্দিন নিজ নামে স্থাপন করেন মুসলেমাবাদ ওয়াসীম উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং কড়ইচুড়া ইউনিয়নে ‘সেকান্দর আলী চৌধুরী কৃষি কলেজ’ এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় বিএনপি নেতা রেজাব-উদ-দৌলা চৌধুরী গং। উল্লেখ্য, মাদারগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মোশাররফ হোসেন (লেমন) তালুকদার। মাদারগঞ্জের আরেক কৃতি সন্তান জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্। তিনি ১৯৭৯ সালে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। সেকালে তিনি জামালপুর আশেক মাহমুদ কলেজের জিএস ছিলেন। জামালপুর জেলা আইনজীবী সমিতির পরপর তিনবার সভাপতি নির্বাচিত হন। এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্ একজন কবি হিসেবেও সমধিক পরিচিত। ১৯৮৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ “লাবণ্যে জড়ানো পাপ”। গীতিকার নজরুল ইসলাম বাবু, মোহাম্মদ আলী জিন্নাহ, মোয়াজ্জেম হোসেন আজাদ, সরদার খায়রুল বাশার, ওবায়দুর রহমান বেলাল, মাহবুবুর রহমান রিপন, নান্নু পারভেজ, সুলতান আহমেদ, কামরুল হাসান সুজন, রাকীব লিটন প্রমুখ কবি ও সাহিত্যিক মাদারগঞ্জে জন্মগ্রহণ করেছেন। সরদার খায়রুল বাশার, ওবায়দুর রহমান বেলাল ও মাহবুবুর রহমান রিপনের ত্রয়ী সম্পাদনায় ‘কলি’ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে ১৯৮০’র দশকে। ‘কলি’র বেশ কয়েকটি সংখ্যা প্রকাশিত হয়। মোয়াজ্জেম হোসেন আজাদের সম্পাদনায় প্রকাশিত হয় ‘মাসিক মাদারগঞ্জ’। রাকিব লিটনের সম্পাদনায় প্রকাশিত হয় সাহিত্যপত্র ‘ভেলা’। ১৯৯০এর দশকে প্রকাশিত এসব সাহিত্যপত্রের বেশ কয়েকটি করে সংখ্যা প্রকাশিত হয়। স্বাধীনতার পর মাদারগঞ্জে ‘উদয়ন সাংস্কৃতিক সংঘ’ স্থাপিত হয়। ১৯৯৮ খ্রিষ্টাব্দে স্থাপিত হয় ‘মাদারগঞ্জ সাহিত্য পরিষদ’। ২০০২ খ্রিষ্টাব্দ থেকে মাদারগঞ্জে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। নাট্য ও সাংস্কৃতিক কর্মী শামীম খান বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে অবসর ভাতা পেয়ে থাকেন। তিনি মাদারগঞ্জের অনেক স্মৃতিচারণ করেন এবং বৈশাখী মেলা চালু হওয়ার পেছনে তার ও মাদারগঞ্জ সাহিত্য পরিষদের ভ‚মিকার কথা জানান। মাদারগঞ্জের ইতিহাস নিয়ে ‘আমাদের মাদারগঞ্জ’ নামে একটি গ্রন্থ রচনা করেন মোহাম্মদ আলী জিন্নাহ। সাহিত্যিক সরদার খায়রুল বাশার রচিত ‘হিমায়িত উত্তাপ’ (গল্প) ও ‘আমি ডাক্তার হবো’ (কিশোর নাটিকা) প্রকাশিত হয়। ‘হিমায়িত উত্তাপ’ গল্পগ্রন্থটি প্রকাশ করেছেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের পর পর ২বারের নির্বাচিত চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। ওবায়দুর রহমান বেলাল মূলত একজন কবি। ছাত্রজীবনে তিনি অনেক কবিতা রচনা করেছেন। তার কবিতা সাহিত্যপত্র ‘কলি’ ছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সাথে জড়িত। ওবায়দুর রহমান বেলাল বর্তমানে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক। প্রচণ্ড সাংগঠনিক কর্মক্ষমতা সম্পন্ন এই জননেতা একাধারে সাহিত্যানুরাগী, পৃষ্ঠপোষক, জনদরদী, শিক্ষানুরাগী, পরিশ্রমী ও এলাকার উন্নয়ন প্রত্যাশী। ওবায়দুর রহমান বেলাল তার পিতার নামে ‘ডাঃ রইছ উদ্দিন কারিগরী হাইস্কুল’ এবং তার স্ত্রী ও নিজ নামে প্রতিষ্ঠা করেন ‘মাহমুদা বেলাল কারিগরী কলেজ’। আরেক সাহিত্যকর্মী মাহবুবুর রহমান রিপন বর্তমানে পুলিশের ডিআইজি হিসেবে চট্টগ্রামে কর্মরত আছেন। উল্লেখ্য, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের উপদেষ্টা মাযহারুল ইসলাম বাবলু, সভাপতি কামরুল হাসান সুজন, সাধারণ সম্পাদক রাকিব লিটন। সাহিত্য পরিষদের কার্যক্রম বর্তমানে অনেকটা স্থবির হয়ে পড়েছে বলে জানা যায়। ১৯৯০ খ্রিষ্টাব্দে স্থাপিত হয় মাদারগঞ্জ প্রেসক্লাব। বর্তমান সভাপতি মির্জা হুমায়ূন কবীর (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক জাহিদুর রহমান উজ্জল (দৈনিক ইত্তেফাক)। এছাড়াও রয়েছেন জুলফিকার বাবলু (বাংলাদেশ প্রতিদিন), একে আজাদ (দৈনিক প্রথম আলো), খাজা মোজাম্মেল হক খোকন (দৈনিক সমকাল), এসএম হুমায়ূন কবীর (দৈনিক ভোরের কাগজ) প্রমুখ। সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা মিলে মাদারগঞ্জ মডেল উপজেলার সৃজনশীল পরিবেশ উন্নততর হবে বলে আমি আশাবাদী। প্রকাশ থাকে যে, শ্রমিক আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্বদানকারী বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন (বিএসএসএফ)’র তৎকালীন সভাপতি মোখলেছুর রহমান (তাহা মিয়া) ও সাধারণ সম্পাদক মোঃ মোকাদ্দেম হোসেন মাদারগঞ্জের সন্তান। তারা উভয়েই শ্রমিক নেতা হিসেবে বিশ্বের প্রায় প্রতিটি দেশ সফর করেছেন। মোখলেছুর রহমান (তাহা মিয়া) ও মোঃ মোকাদ্দেম হোসেন আন্তর্জাতিক শ্রমিক সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন। ধান, পাট, মরিচ, শসা, রসুন, পেঁয়াজ, কলা, পেপে, বেগুন ইত্যাদি কৃষি পণ্যের জন্য মাদারগঞ্জের সুনাম রয়েছে। এই অঞ্চলে প্রচুর মরিচ উৎপন্ন হয়। বালিজুড়ী থেকে ‘বাইজড়ী মরিচ’এর নামকরণ হয়েছে বলে জনশ্রæতি রয়েছে। মাদারগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বাস এবং সকল ধর্মের মানুষের সহাবস্থান। এ অঞ্চলে ২৫/৩০ পরিবার গোয়ালা রয়েছে। এরা মহিষের বাথান পালে। ‘মহিষবাথান’ নামে একটি গ্রামও রয়েছে মাদারগঞ্জে। এখানকার ঘি ও দধি এখনও বিখ্যাত। মাদারগঞ্জ থেকে প্রতিদিন ২৫/৩০ ট্রাক কাঁচামাল তথা শসা, পেঁপে, শাক-সবজিসহ অন্যান্য মালামাল ঢাকা ও বিভিন্ন জেলায় প্রেরিত হয়। শিল্প, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিতে মডেল উপজেলা মাদরগঞ্জ আগামী প্রজন্মের কাছে সুখ, সুন্দর একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠুক এর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা। * এ লেখার জন্য তথ্য দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

লেখক : কবি, সাহিত্যিক, সাংবাদিক ও কলামিস্ট এবং একটি জাতীয় দৈনিকের প্রধান সহকারী সম্পাদক।




