এস,এম, আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা (খুলনা) : জেল-জরিমানা ও মাছ ধ্বংস কোন কিছুতেই ঠেকানো যাচ্ছেনা চিংড়িতে অপদ্রব্য পুশ। একদিকে আবহাওয়ার বিরুপ প্রভাবে চিংড়িতে মড়ক লাগায় উৎপাদন হ্রাস,অন্যদিকে নিত্য নতুন পুশ উপকরণে চিংড়িতে আগার, সিএম, ঢেঁড়শ, লবণ সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল ও রাসায়নিক দ্রব্যের অপঃব্যবহারে আবারো দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত চিংড়ি শিল্পে বিপর্যয়ের আশংকা করছেন খুলনা অঞ্চলের রপ্তানিকারক সহ শিল্পে জড়িত সংশ্লিষ্টরা।
খুলনার চিংড়ি রপ্তানিকারক সূত্রে প্রকাশ, দেশের মোট হিমায়িত চিংড়ির ৯০ থেকে ৯৫ শতাংশ খুলনা থেকে রপ্তানি হয়। ফলে এ অঞ্চলে পর্যায়ক্রমে গড়ে ওঠে মোট ৫৬ টি চিংড়ি প্রসেসিং কারখানা। তবে নানা প্রতিকূলতায় বর্তমানে টিকে রয়েছে মাত্র ২২টি কারখানা। যার ১১টি “এ” ক্যাটাগরি’র ও বাকি ১১টি চলছে কোনমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সূত্র জানায়, বাগেরহাট, রামপাল, সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর, কালীগঞ্জ সহ সাতক্ষীরা, খুলনার কয়রা, পাইকগাছা সহ বিস্তীর্ন জনপদের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল পরিমাণ চিংড়িতে এক সময় অপদ্রব্য পুশ হত খুলনার রুপসা পাড়ের ডিপোগুলোতে। বর্তমানে স্পট হিসেবে ব্যবহার হচ্ছে রুপসার উভয় তীরের বস্তি, বাসা-বাড়ি, বাগানে ও সরাসরি চিংড়ি উৎপাদন এলাকা দূর্গম পল্লী অঞ্চলেও।
মৎস্য অধিদপ্তর জানায়, চিংড়িতে ব্যাপকভাবে অপদ্রব্য পুশ করার অপরাধে ২০০৯ সালের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ইউরোপ সাময়িকভাবে গলদা চিংড়ি আমদানি বন্ধ করে দেয়। এরপর ২০১০ সালে মেয়াদভিত্তিক ৩ বছরের জন্য চিংড়ি শিল্পের সাথে জড়িত মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন বিভাগ, বাংলাদেশ ফ্রজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশন, খুলনা চিংড়ি বণিক সমিতি ও রুপসা চিংড়ি বণিক সমিতির যৌথ উদ্যেগে গঠন করা হয় পুশ নির্ম্মুল কমিটি। তাদের সার্বিক সহযোগীতায় অনেক চেষ্টার পর ইউরোপীয় কমিশনের সাথে শর্ত সমঝোতায় পুনরায় বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি শুরু হয়। ২০১২ সাল পর্যন্ত এ কমিটি বহাল থাকার পর পরবর্তীতে ফ্রজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশন একটি কমিটি গঠন করে। যাতে বাদ পড়ে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন বিভাগ, খুলনা চিংড়ি বণিক সমিতি ও রুপসা চিংড়ি বণিক সমিতি। মূলত তখন থেকেই চিংড়িতে অপদ্রব্য পুশ প্রথা লাগমহীনভাবে বেড়েই চলেছে। সূত্র আরো জানায়, শুধুমাত্র গত বছরে চিংড়িতে অপদ্রব্য পুশ প্রতিরোধে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অধিদপ্তর বৃহত্তর খুলনায় অভিযান চালিয়ে ১০ হাজার কেজি অপদ্রব্য পুশকৃত গলদা ও বাগদা চিংড়ি জব্দ ও বিনষ্ট এছাড়া একই সময়ে ৪৪ টাকা জরিমানা আদায় ও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়। সূত্র জানায়, চলতি বছরেও পুশ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত ২৫ অক্টোবর খানজাহান আলীর সেতুর নিকটবর্তী একটি কমফোর্ট ভ্যান থেকে ৩শ’ কেজি গলদা চিংড়ি, ২ নভেম্বর কোষ্টগার্ড নতুন বাজার এলাকা থেকে ১শ’ কেজি পুশকৃত গলদা চিংড়ি জব্দ এবং মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রন কর্মকর্তার উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে। ৪ নভেম্বর কোষ্টগার্ড রুপসা ষ্টেশনের লঞ্চ ঘাট এলাকা থেকে অপদ্রব্য পুশকৃত ২৫০ কেজি গলদা চিংড়ি জব্দ, ৫ নভেম্বর র্যাব-৬ এর একটি বিশেষ টিম পূর্ব রুপসার জলিল এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৩শ’ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করে। একই রাতে নতুন বাজার এলাকা থেকে পিকাপ ভর্তি ৭শ’ কেজি গলদা চিংড়ি জব্দ ও জলিল এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা, ১০ নভেম্বর রুপসা সেতুর টোল প্লাজা থেকে ৩ শ’ কেজি গলদা চিংড়ি জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। ৫ সেপ্টেম্বর খুলনা নগরীর লবণচরা থানার রুপসা সেতু এলাকা থেকে অপদ্রব্য পুশকুত দেড়মন গলদা চিংড়ি বিনষ্ট এবং এর মালিক মোঃ আলাউদ্দীন শেখকে ৪০ হাজার টাকা জরিমানা করে, ২১ আগষ্ট সাতক্ষীরার আশাশুনি চাপড়া মোকামে একতা ফিস, ফাতেমা ফিসকে ৪০ হাচার টাকা জরিমান এবং অপদ্রব্য পুশকৃত ১৫০ কেজি চিংড়ি বিনষ্ট করে। ২৩ মে নতুন বাজার ভেড়ীবাঁধ এলাকার শাহাজালাল ফিস ও আশিক ফিস থেকে ৫০০ কেজি পুশকৃত বাগদা ও গলদা চিংড়ি উদ্ধার ও বিনষ্ট ও প্রতিষ্ঠানদ্বয়কে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অধিদপ্তর। এছাড়া উৎপাদন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত বিভিন্ন পরিমান জরিমানা ও মাছ বিনষ্ট অব্যাহত রাখলেও তা মূল ঘাঁটি বলে চিহ্নিত মফঃস্বলের কোন ডিপো ও এওজন্টের নিকট পৌছাচ্ছে না এক অজ্ঞাত কারণে।
এ প্রসঙ্গে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার বলেন, পুশ অপরাধ বন্ধে তাদের মোবাইল টিম সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। এমনকি প্রতিদিন গড় ২/৩ লাখ টাকা করে জরিমানা আদায় করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুশকারী ব্যবসায়ীরা জানান, তারা খুলনা মহানগীর বড় বাজার সহ মফঃস্বল শহর থেকেই চিংড়িতে পুশের উপকরণ হিসেবে আগার ও সিএম নামক কেমিক্যাল ক্রয় করে। এছাড়া মাছের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এসটিভিতে ভিজিয়ে রাখা হয়। আগার থেকে আঠালো জাতীয় জেলি তৈরী করা হয় এবং সিএম (পাউডার) গরম পানিতে মেশানো তরল পদার্থ যা খালি চোখে দেখা যায়না।
চিংড়ি ব্যবসার সাথে সংশ্লিষ্টরা জানান,বিভিন্ন মৎস্য ডিপোতে পুশের মাত্রা বৃদ্ধির সাথে সাথে তৎপর হয়ে উঠে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন বিভাগ। আর তখন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পুশকৃত মাছ খুলনার বাইরে বিশেষ করে পটুয়াখালী, চাঁদপুর ও চট্রগ্রামের কোম্পানিগুলোতে পাঠায়। রুপসার চিংড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিকদের বলেন, পুশ করার অপরাধে দীর্ঘদিন ইউরোপে চিংড়ি রপ্তানি বন্ধ ছিল। বৃহত্তর স্বার্থে তারা চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
জানা যায়, দক্ষিনাঞ্চলের বিস্তীর্ন জনপদে উৎপাদিত চিংড়ি শিল্পের সাথে কয়েক লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে। যাদের অধিকাংশেরই জীবিকার মাধ্যম চিংড়ি খাত। সাদা সোনা বলে খ্যাত চিংড়ি রপ্তানি পুনরায় বন্ধ হলে বিপুল সংখ্যক মানুষ বেকারত্বের পাশাপাশি খুলনার অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে নেমে আসবে চরম বিপর্যয়।
এ প্রসঙ্গে খুলনার পাইকগাছা উপজেলার চিংড়ির অন্যতম প্রধান মোকাম কাশিমনগরের চিংড়ি এজেন্ট মোঃ আব্বাস আলী খাঁ জানান, ওসব পত্রিকায় লিখে কিছুই হবেনা। আমরা পুশ করে মাছ পাঠাবো কিন্তু কোম্পানিগুলো না কিনলে তো হয়। এসময় তিনি স্থানীয় প্রশাসনকে মাসোহারা দেয়ার বিষটি স্পষ্ট করে ঔদ্যত্তের সাথে বলেন, কোন ডিপো বা এজেন্ট আছে যারা পুশ বিহীন মাছের চালান পাঠায়? এসময় তিনি এব্যাপারে স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করতে বলেন।
মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন খুলনার উপ-পরিচালক মোঃ আব্দুর রাশেদ জানান, পুশ নির্ম্মুলে চলতি অভিযানের পাশাপাশি বিকল্প ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছা মৎস্য কর্মকর্তা এস,এম,এ রাসেল জানান, অভিযান অব্যাহত রয়েছে। তবে এলাকাবাসী বলছেন, দেশের মোট উৎপাদিত চিংড়ির একটি বড় অংশ পাইকগাছা এলাকায় উৎপাদিত ও কোমপানিতে পাঠানো পূর্বে প্রক্রিয়া করণ হয়। যেখানে চিংড়িতে ব্যাপক ভাবে অপদ্রব্য পুশ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন এক প্রকার দায় সারা অভিযান পরিচালনা করছে।
সাদা সোনার রাজ্যের বাসিন্দাদের প্রত্যাশা অচীরেই পুশ প্রথা বন্ধে কার্যকারী পদক্ষেপ গ্রহণ পূর্বক রক্ষা করা হবে দেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ এ খাতটি। ব্যবসায়ীদের পাশাপাশি তাদেরও আশংকা অপদ্রব্য পুশ বন্ধ না হলে যে কোন সময় আরক দফা বন্ধ হতে পারে বাংলাদেশি চিংড়ি মাছের বড় মোকাম ইউরোপে মাছ রপ্তানি।




