শামসুল আলম শাহীন,কিশোরগঞ্জ : স্বাধীনতার ৪৩ বছর পেরিয়ে গেলেও যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাবা হারানোর বেদনা ভুলে আজ কিছুটা হলেও আনন্দ লাগছে। এভাবেই গতকাল শুক্রবার সকালে স্থানীয় যুদ্ধাপরাধী প্রতিরোধ আন্দোলন কমিটির নেতৃবৃন্দের কাছে রাজাকার শামসুদ্দিন আহম্মেদ গ্রেফতার হওয়ার প্রতিক্রিয়ায় এসব কথা বলছিলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা গ্রামের বাসিন্দা গোলাপ মিয়া। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনবেন বলে সংবাদ মাধ্যমে ভাষণ শুনে আমার বাবার হত্যাকান্ডের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করতে মনস্থির করি। তিনি বলেন, আমার বাবা মিয়া হোসেন হত্যাকান্ডের ব্যাপারে ২০১০ সনের ২ মে কিশোরগঞ্জ আদালতে ১টি মামলা দায়ের করি। কিশোরগঞ্জে এটাই প্রথম মামলা এবং বিচারকও ছিলেন প্রথম। আজ কিশোরগঞ্জের রাজাকারদের মধ্যে প্রথম গ্রেফতার হলো মানুষ হত্যাকারী রাজাকার শামসুদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, রাজাকার শামসুদ্দিন ও তার ভাই এটিএম নাসির প্রকাশ্য দিবালোকে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করে। তাদের নেতৃত্বে ২৭/১০/১৯৭১ সালে করিমগঞ্জের বিদ্যানগর ও আয়লা গ্রামে অপারেশন চালিয়ে লুন্টন, অন্যায় আটক, নির্যাতন ও মুক্তিযোদ্ধার পিতা আব্দুল বারেকসহ মোঃ হবিবুল¬াহ, শেখ চান্দু মিয়া, শেখ মালেক, আফতাব উদ্দিন, সিরাজ উদ্দিন, আব্দুল জব্বার, মোঃ আব্দুল মজিদকে গুলি করে হত্যা করে। এছাড়াও রাজাকার শামসুদ্দ্নি ১৯৭১ সালের ৭ সেপ্টেম্বর রামনগর গ্রামে সহপাঠি পরেশ চন্দ্র সরকারকে আটকিয়ে গুলি করে হত্যা করে। করিমগঞ্জ বাজারঘাট থেকে ১৯৭১ সালের ২৩ আগস্ট ফজলুর রহমান মাস্টারকে আটক করে নির্যাতন চালিয়ে কিশোরগঞ্জ পাকিস্তানি আর্মি ক্যাম্পে নিয়ে হত্যা করা হয়। এখনো ফজলুর রহমান মাষ্টারের লাশ খোঁজ মেলেনি। নাসির ও শামসুদ্দিন ১৯৭১ সালের ২৬ সেপ্টেম্বর কলাতুলি গ্রামের আব্দুল গফুরকে অপহরণ করে খুদির জঙ্গল ব্রীজে নিয়ে হত্যা করে।
এসব বিষয়ে মামলা দায়েরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মো.আতাউর রহমান ওকো-অর্ডিনেটর আইজি এম সানাউল হক একাধিকবার সরজমিন এলাকা পরিদর্শন করেন। হত্যাকান্ডের তদন্ত করতে এসে তারা আয়লা গ্রামের মিয়া হোসেনসহ ১২ টি হত্যাকান্ডের বিষয়ে সাক্ষ্য প্রমাণ পান। শুধু তাই নয়, এসব হত্যাকান্ডে রাজাকার নাসিরের সাথে তার সহোদর ভাই অ্যাডভোকেট শামসুদ্দিনেরও সম্পৃক্ততা রয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন । এদিকে রাজাকার শামসুদ্দিন গ্রেফতার হওয়ায় করিমগঞ্জ ও কিশোরগঞ্জে স্বস্তি ফিরে এসেছে। রাজাকারের সর্বোচ্চ শাস্তি কামনা করে বিবৃতি দিয়েছেন কিশোরগঞ্জের স্থানীয় যুদ্ধাপরাধী প্রতিরোধ আন্দোলন কমিটির সভাপতি জাতীয় পর্যায়ে এ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিক ও লেখক রেজাউল হাবীব রেজা, সাধারন সম্পাদক লেখক ও গবেষক আমিনুল হক সাদী, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সহসভাপতি মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল, অ্যাডভোকেট আবুল বাশার, অ্যাডভোকেট আ.সাত্তার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাজীব সরকারসহ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনতা।




