অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় এক জেএসসি পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল ও অপহৃতাকে উদ্ধারের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।
মামলাসূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের বিবেক মজুমদারের মেয়ে জেএসসি পরীক্ষার্থী পপি মজুমদার পারিবারিক অসচ্ছ্বলতার কারণে মামাবাড়ি থেকে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করত। স্কুলে যাওয়া আসার পথে গৌরনদী উপজেলার উত্তর বাহাদুরপুর গ্রামের আকতার খানের ছেলে সুমন তাকে উত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এঘটনা ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে সুমন ক্ষিপ্ত হয়ে ওঠে। একারণে গত ৫ নভেম্বর পপি তার মামাবাড়ি থেকে তার নিজবাড়ি রামানন্দের আঁক আসার পথে উত্যক্তকারী সুমনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল জোরপূর্বক ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে অজ্ঞাতস্থানে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীর মা দিপালী মজুমদার বাদী হয়ে গত রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. মুজিবর রহমান মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপহৃতা জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধার ও তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা : আহত ৫
বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন বাড়িতে হামলা করে ভাংচুরসহ মালামাল লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। বাঁধা দেয়ায় মহিলাসহ ৫জনকে মারধর করে আহত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী চাউকাঠী গ্রামের ইউসুফ সরদারের সাথে পার্শ¦বর্তী শোলক গ্রামের দুলাল সরদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল বুধবার সকালে ওই বিরোধীয় জমি ইউসুফ দখল করতে গেলে দুলাল বাঁধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে ইউসুফ সরদারের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল প্রতিপক্ষ দুলাল সরদারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় বাঁধা দেয়ায় দুলাল সরদার, স্ত্রী খাদিজা বেগম, মা ফাতেমা বেগম, নানী জরিনা বেগমসহ ৫ জনকে মারধর করে আহত করা হয়। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগৈলঝাড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়া এসএসসি পরীক্ষা উপলক্ষে একটি বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী হলরুমে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য অভিভাবকদের করণীয় শীর্ষক সমাবেশে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের দাতা সদস্য অবণী ভুষণ হালদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, ম্যানেজিং কমিটির সদস্য ডা. নিজাম উদ্দিন শাহ, কেএম আজাদ রহমান, সরদার হারুন রানা, অভিভাবক ও ইউপি সদস্য কুমুদ রঞ্জন রায়, ইন্দ্রজিৎ হালদার, শিক্ষক আভা রাণী মুখার্জী, মো. মিজানুর রহমান, জগদীশ সমদ্দার, ফারহানা আক্তার, বিলকিস খানম, মানিক রায়চৌধুরী প্রমুখ।




