এম.আর পাটওয়ারী, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) : বর্তমান বাজারে বিভিন্ন নামিদামি কোম্পানির প্লাষ্টিকের কদর বাড়ায় ও প্রয়োজনীয় পুঁজির অভাবে লক্ষ্মীপুর জেলার রামগতি-কমলনগর উপজেলায় হারাতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি কুটির শিল্প। ঐ সংশ্লিষ্ট কারিগরদের জীবনে নেমে এসেছে অলসতা ও দুর্দিনের ঘনছায়া। প্রতিযোগিতার বাজারে প্লাটিক কোম্পানিদের সাথে টিকতে না পেরে কালের বিবর্তনে ব্যবহারিক জীবনের অতি প্রয়োজনীয় বাঁশ ও বেতের তৈরি কুটির শিল্প আজ হারাতে বসেছে।
মুক্তবাজার অর্থনীতিতে সভ্যতার অগ্রযাত্রায় কুটিরশিল্প সামগ্রীর চাহিদা কমতে থাকা বাঁশ ও বেতের দাম বেড়ে যাওয়ায় ঋণের ভার আর দাদনের টাকা যে তাদের কাঁধে বোঝা হয়ে দাঁড়িয়েছে।
জানাযায়, বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত শত শত পরিবার বর্তমানে চরম দুর্দিন ও অলসতার মধ্যে দিনাতিপাত করছেন। এই অঞ্চলের শত শত পরিবার দীর্ঘদিন যাবৎ বাঁশ ও বেত শিল্পের ওপর নির্ভরশীল। বর্তমানে তারা নানান সমস্যায় জর্জরিত। প্রয়োজনীয় ঋণ, পুঁজি, মজুরি কম থাকার কারণে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে এই ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এ শিল্পের সঙ্গে জড়িত শত শত শ্রমিক আজ প্রায় বেকারত্ব জীবনযাপন করছে। এসব শ্রমিক বংশানুক্রমে এ শিল্পের সাথে জড়িত। গ্রাম-অঞ্চলে এখন আর আগের মত বাঁশ ও বেতের তৈরি জিনিস-পত্রের ব্যবহার তেমন চোখে পড়ে না। অথচ কোন একদিন বাঁশ-বেতের জিনিসের ব্যবহার কিংবা এসব ছাড়া গ্রামে কল্পনা করাও কঠিন ছিল। যেখানে বসতি সেখানেই বাঁশ, বেতের তৈরির জিনিস পত্র কিন্তু আজ তা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য থেকে মুছে যাচ্ছে। এই গ্রাম বাংলার কুটির শিল্প নিয়ে কবি সাহিত্যিক রচনা করেছেন কবিতা গল্প। বাউলরা গেয়েছেন তাদের গান। আগে গ্রামের প্রায় বাড়িতেই বাঁশ, বেত দিয়ে তৈরি করা হতো হরেক রকমের পন্য। অনেকের জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম ছিল বাঁশ, বেত।
এক সময় এ জেলার বাঁশের ব্যাপক চাষ করা হত। সামান্য যতœ আর বিনা খরচে গড়ে ওঠত বাঁশের বাগান। আর পুকুর পাশে জন্ম নিতো বেতবাগান। কিন্তু আজ কালের বিবর্তনে সেই বাঁশ ও বেত বাগান বিলীন হতে চলেছে। তবুও থেমে নেই এখানকার কারিগররা। নারী-পুরুষ নির্বেশেষে প্রতিদিন প্রয়োজনীয় গৃহস্থলী সামগ্রী তৈরীর কাজে ব্যস্থ।
লক্ষ্মীপুর (বিসিক) শিল্প নগরী সূত্রে জানা যায়, এ জেলায় বেশ কয়েকটি গ্রামে প্রায় ৩ শতাধিক কারিগর বাঁশের তৈরী গৃহস্থলী সামগ্রী তৈরী করে জীবিকা নির্বাহ করছে। দীর্ঘ ৫০ বছর ধরে বাঁশ শিল্পের সাথে জড়িত রয়েছেন তারা।
জেলা সদরের চররুহিতা ইউনিয়নের চর লামচী, দালাল বাজার, বাঙ্গাখা ইউনিয়নের বাবুপুর, রায়পুরের হায়দরগঞ্জ, লক্ষ্মীপুরের টুমচর, রামগতির চর আলেকজান্ডার, চরডাক্তার, বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর, কমলনগরের চর লরেঞ্চ, চর কাদিরা, তোরাবগঞ্জ সহ মোট ১০-১২ টি গ্রামের নারী পুরুষ তাদের নিপুণ হাতের তৈরি কুলা, চাটাই, হাঁস-মুরগির খাঁচি, সাজি, ঢাকনা, চালনি, খাঁচা, চেয়ার, টেবিল, দোলনা, পাখা, বই রাখার র্যাক, ঘুনি, ডালা, ঝুঁড়ি ইত্যাদি সহ মানুষের নিত্য প্রয়োজনীয় শিল্পসামগ্রী জেলার চাহিদা মিটিয়ে পাশ্ববর্তী জেলা-উপজেলার বাজার গুলোতে বিক্রি করা হয়।
কুঠিরশিল্প কারিগররা জানান, পুর্ব পুরুষ থেকে এ পেশায় জড়িত রয়েছেন তারা। আগে এক একটি বাঁশ কিনতে হতো ৫০ থেকে ১২০ টাকা দরে। আর এখন প্রতিটি বাঁশ কিনতে হচ্ছে ২০০ থেকে ৩৫০ টাকায়।
এক সময় গ্রামীন বাজারে বাঁশের তৈরী পন্যের বেশ চাহিদা থাকলেও বর্তমানে প্লাষ্টিক পন্যের ব্যবহারের কারনে এ শিল্প এখন বিলুপ্তির পথে। সেই সাথে বাঁশের দাম বৃদ্ধি হওয়ায় তারা সমস্যায় ভুগছেন, ছেলে-মেয়ে নিয়ে কষ্টে দিনাতিপাত সহ এখন তাদের চরম দুর্দিন যাচ্ছে। তারা আরো জানায়, প্রয়োজনীয় উপকরণের অভাব, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং প্লাস্টিক সামগ্রীর অতি ব্যবহারের কারণে এখন এই অঞ্চলের বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্তির পথে। ফলে এ শিল্পের সঙ্গে জড়িতরা এক প্রকার বাধ্য হয়ে তাদের পৈতৃক পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।
কারিগরদের দাবী সরকারি পৃষ্ঠপোষকতা, সহজ শর্তে ঋনের সুবিধা পেলে পুনরায় উজ্জীবিত হতে পারে এ শিল্প। বাঁশ ও বেতের শিল্প কেন্দ্রিক সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহনে ভাগ্য বদল হতে পারে এ অঞ্চলের কারিগরদের ।




