খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামে বিদেশি সংস্থার অর্থায়নে নির্মিত সোনে গান্ধিগাঁও কুচপাড়া প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে এদিন একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপন করা হয়। ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে ভবনের উদ্বোধন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক। সোনে এডুকেশন এ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশের আওতায় অস্ট্রিয়ার রেড চ্যারেটি ফাউন্ডেশনের অর্থায়নে বিদ্যালয়টি নির্মাণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিপিন বিহারী কোচ। এতে বক্তব্য রাখেন ঝিনাইগাতীর ইউএনও মোজাম্মেল হক, রেড চ্যারেটি ফাউন্ডেশনের প্রতিনিধি গারনেট ফ্রান্ক, সোনে ইন্টারন্যাশনাল, অষ্ট্রিয়ার সেক্রটারী জেনারেল আলফ্রেড মালে ও কান্ট্রি ম্যানেজার মো. আল মামুন, কাংশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।
অনুষ্ঠানে সোনে ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার আল মামুন বলেন, সীমান্তবর্তী গারো পাহাড়ের পিছিয়ে পড়া আদিবাসি শিশুদের শিক্ষার মানোন্নয়নের জন্য অস্ট্রিয়ার অর্থায়নে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, বিদ্যালয়ের পোশাক ও শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।




