নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : ‘আদিবাসীদের প্রথাগত আইন প্রতিষ্ঠা করি, সরকারিভাবে স্বীকৃতি আদায় করি’ এই মুল সুরের উপর ভিত্তি করে শেরপুরের নালিতাবাড়ীর বারমারীতে ২৪ নভেম্বর সোমবার সংনকমা, গাঁওবুড়া, পঞ্চায়েত, মড়ল ও মন্ডল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কারিতাস আইসিডিপি’র সহযোগিতায় বারমারী ও নালিতাবাড়ী আদিবাসী ক্লাষ্টার উন্নয়ন ফোরাম যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মি. মনিন্দ্র চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, পালপুরোহিত রেভারেন্ট ফাদার মনিন্দ্র এম চিরান, সিডিও বিপুল জাম্বিল প্রমুখ। অনুষ্ঠানে গারো, হাজং, কোচ, ডালু, বর্মন ও ক্ষত্রীয় সম্প্রদায়ের ৩৫ জন সমাজপতি ও ৫ শতাধিক আদিবাসী নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
শ্রীবরদীতে সংনকমা, গাওবুড়া ও পঞ্চায়েত বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

আদিবাসীদের সংস্কৃতি ও অধিকার আদায়ের লক্ষে শেরপুরের শ্রীবরদীতে সোমবার অনুষ্ঠিত হয়েছে নৃতাত্তিক জনগোষ্ঠীর সংনকমা, গাওবুড়া ও পঞ্চায়েতদের বার্ষিক সমাবেশ। কারিতাস আইসিডিপির আদিবাসী ক্লাস্টার উন্নয়ন ফোরামের (এসিডিএফ) উদ্যোগে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী ক্লাস্টার ডেভেলপম্যান্ট ফোরামের সভাপতি হোসিও ম্রং।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেফট্যানেন্ট কর্ণেল আহমেদ তারিক কবির।
পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান। এতে স্থানীয় আদিবাসী শিশুরা গান ও নৃত্য পরিবেশন করে।




