শ্যামলবাংলা ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এ কে এম শফিউল ইসলাম হত্যার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী যুবদল নেতা মানিকসহ ৬ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হচ্ছেন রাজশাহী কাটাখালী পৌরসভার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক, যুবদল সদস্য পিন্টু, টোকাই বাবু, মামুন, কালু ও সবুজ।ঢাকা ও রাজশাহীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ২৩ নভেম্বর রবিবার সকালে র্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম এ তথ্য জানান।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানান, আটক আরিফুল ইসলাম ওরফে মানিকের পরিকল্পনা ও নেতৃত্বেই অধ্যাপক শফিউলকে হত্যার ঘটনাটি ঘটে। মানিক রাজশাহীর কাটাবন পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক। এছাড়া পিন্টুও স্থানীয় যুবদলের সদস্য। সেও হত্যাকাণ্ডে অংশ নেয়। আটক অন্যদের মধ্যে টোকাই বাবু, মামুন, কালু ও সবুজ অধ্যাপক শফিউলকে কুপিয়ে আহত করে।
এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের সবাইকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে। ২ দফায় ফের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় সংলগ্ন চৌদ্দপাইয় এলাকায় নিজের বাসার কাছেই খুন হন লালনভক্ত শফিউল। হত্যাকাণ্ডের পাঁচ ঘণ্টা পর আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামে একটি ফেইসবুক পৃষ্ঠায় অধ্যাপক শফিউলকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে তাকে হত্যার দায় স্বীকার করা হয়।




