শাহ্ আলম শাহী, দিনাজপুর : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী’র সাথে বৈঠক করেছে বাংলাদেশের জাতীয় সংসদের প্রতিনিধি দল। লে. কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলটি শনিবার বিকেলে কলকাতার নবান্নে এই বৈঠকে বসে। এ বৈঠকে ফারুক খান ছাড়াও ছিলেন দিনাজপুরের কৃতি সন্তান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, কাজী নাবিল আহমেদ এমপি ,পংকজ দেবনাথ এমপি , অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, নাহিম রাজ্জাক এমপি, মাহজাবিন খালেদ এমপি ও শফিকুল ইসলাম শিমুল এমপি। আরও ছিলেন মুহম্মদ আরাফাত ও সুজিৎ নন্দী। জানা গেছে, এদিন বিভিন্ন বিষয়ে তারা একে অপরের সঙ্গে আলাপ করেন। আলাপকালে বাংলাদেশের প্রতিনিধিদলকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আমি বাংলাদেশকে ভালোবাসি। আমাদের ভাষা ও সংস্কৃতি একে অপরকে নীবিড় বন্ধনে আবদ্ধ করেছে। ভালবাসাকে সীমান্ত দিয়ে বিভক্ত করা যায় না। কারণ সব সমস্যারই সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে।
মুখ্যমন্ত্রী এদিন বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকার কথা সশ্রদ্ধ চিত্তে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গ সফরের আমন্ত্রণ জানান এবং নিজেও ঢাকা সফরে যেতে আগ্রহ প্রকাশ করেন।




