মো.মহসিন মাতুব্বর, আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীসহ উপকূলীয় এলাকায় ধূমপান বিরোধী তৎপরতা ও আইনের প্রয়োগ নেই। তামাকজাত দ্রব্য সেবন ও ধূমপায়ীর সংখ্যা আশংকাজনক হারে বেড়েই চলছে। প্রকাশ্যে ধূমপান বিরোধী আইন প্রণয়ন করা হলেও এর কোন ফল পাওয়া যাচ্ছে বলে মনে হয় না। নীতি-নৈতিকতার অভাব, কুফল সম্পর্কে অজ্ঞতা, ফ্যাশন হিসেবে মনে করা, সচেতনতার অভাবসহ সহজলভ্য হওয়ায় ধূমপায়ীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করে। সরকার দেশে তামাকজাত দ্রব্যের থেকে রাজস্ব পাচ্ছে কয়েক হাজার কোটি টাকা, আইন প্রণয়ন করা হলেও প্রকাশ্যে ধূমপানের অভ্যাস ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে। বয়স্ক মানুষের পাশাপাশি শিশু-কিশোররাও ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ছে। বিড়ি-সিগারেটসহ তামাকজাত দ্রব্য সেবনে মানুষকে উদ্ভুদ্ধ করা ও বিজ্ঞাপনের মাধ্যমে ক্রয়-বিক্রয় আইনে নিষিদ্ধ হলেও প্রকাশ্যেই চলছে এসব কার্যক্রম। বিড়ি সিগারেটের কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্যের বিক্রি বাড়ানোর জন্য উপকূলীয় এলাকার উপজেলার হাট-বাজারে বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে কৌশলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই সাথে লোভনীয় অফার দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি শিশু-কিশোরদের ধূমপানের প্রতি আগ্রহী করে তুলছে। এসব কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা যেসব স্থানে বেশি সংখ্যক শ্রমিকরা কাজ করে সেসব স্থানে গিয়ে তাদেরকে ধূমপানের প্রতি আকৃষ্ট করতে বিনামূল্যে বিড়ি-সিগারেট বিতরণ করে থাকে। বিনমিূল্যে বিড়ি সিগারেট খেতে খেতে এক সময় অভ্যস্ত হয়ে নিজেরা গাটের টাকা দিয়ে বিড়ি- সিগারেট কিনে খাওয়া শুরু করে। প্রকাশ্যে ধূমপান ও তামাক কোম্পানির কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তেমন না নেয়ায় অবাধে এ অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছে। এতে করে ধূমপায়ীরা প্রত্যক্ষভাবে এবং ধূমপায়ীর আশেপাশে থাকা অধূমপায়ীও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ধূমপায়ীর পরিবারের শিশু ও নারীরা। কারণ বাড়ির কর্তাব্যক্তি বাড়িতে বসে ধূমপান করলে তখন বাড়ির শিশু ও নারীদের ক্ষতির শিকার হতে হয়। তাছাড়া ১৮ বছরের নিচে যাদের বয়স তাদের দিয়ে বিড়ি- সিগারেটও তামাকজাত দ্রব্য ক্রয়-বিক্রয় আইনে নিষিদ্ধ হলেও জেলার কোথাও মানা হয় না এ আইন। সাধারণত হোটেল-রেস্তোরাঁ, ক্লাবসহ বিভিন্ন দোকানে শিশুরাই কাজ করে, আর তারাই তামাকজাত দ্রব্যের আনা নেয়া করে থাকে। তাছাড়া পানের দোকানে অবাধে নানা প্রকার ক্ষতিকর জর্দা, গুন্ডি, গুল বিক্রি হলেও এ ব্যাপারে কোন আইনী পদক্ষেপ দেখা যায়না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানান হয়, বিড়ি সিগারেটের ধুয়াসহ তামাকজাত দ্রব্যে ৪ হাজারের বেশী ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে। তামাক সেবনের ফলে প্রতি বছর দেশে ৫৭ হাজার মানুষ মারা যায়। ছাত্র-ছাত্রীদের নৈতিকতার শিক্ষাদান, তামাকের ক্ষতিকর বিষয়ে সচেতনা সৃষ্টি এবং তামাক নিয়ন্ত্রণ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে এর হাত থেকে উত্তোরণ সম্ভব বলে বিজ্ঞ মহল মনে করেন।




