শ্যামলবাংলা ডেস্ক : স্মার্ট ফোনের দাম কমানোর ঘোষণা দিয়েছে স্যামসাং। আগামী বছর থেকে নতুন মডেলের স্বল্পসংখ্যক স্মার্টফোন বাজারে আনবে স্যামসাং। সেই সঙ্গে স্মার্টফোনের দামও কমিয়ে আনা হবে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনার হার ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া হবে। এ ছাড়া ফোনের দাম কমাতে স্মার্টফোনের যন্ত্রাংশ শেয়ার করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
স্মার্টফোন বাজারে আনার ক্ষেত্রে স্যামসাংয়ের দর্শন ছিল ‘যত বেশি হয় তত ভালো’। ২০১৪ সালে শুধু গ্যালাক্সি সিরিজেই ১৪টি মডেলের স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে এস৫, এস৫ মিনি, এস৫ অ্যাকটিভ, এস৫ স্পোর্টস, এস৫৫ এলটিই-এ, এস৫ প্লাস, গ্যালাক্সি এফ, গ্যালাক্সি ডব্লিউ, গ্যালাক্সি মেগা ২, গ্যালাক্সি আলফা, গ্যালাক্সি এ৩, এ৫, গ্যালাক্সি নোট৪ ও নোট এজ। এই মডেলগুলোর মধ্যে বেশ কিছু মডেল আর বাজারে আনবে না প্রতিষ্ঠানটি।
স্যামসাং হঠাৎ এ সিদ্ধান্ত নেওয়ায় বাজার গবেষকেরা বলছেন, স্যামসাংয়ের মোবাইল বিভাগ থেকে আয় কমে গেছে। সর্বশেষ প্রান্তিকের হিসাব অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল থেকে মুনাফার হার ৭৪ শতাংশ পর্যন্ত কমেছে। তাই আগামী বছরে স্মার্টফোনের ক্ষেত্রে মূল পণ্যগুলোতেই সীমাবদ্ধ থাকতে চাইছে।




