ঝিনাইদহ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের করা কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। শুক্রবার সকালে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কেশবচন্দ্র মহাবিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে জেলা ছাত্রলীগের হয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পায়রা চত্ত্বরে সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান রকি, আশরাফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আলম মামুন, ফাহিম মুনতাছির চন্দন, ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন, পরেশ বিশ্বাস, তুষার পারভে ও সনজিত বিশ্বাস। সমাবেশে বক্তারা বলেন, বিদেশের মাটিতে বসে দেশ সম্পর্কে আজে-বাজে কথা বলা চলবে না। বঙ্গবন্ধু সম্পর্কে কথা বলার কোনো যোগ্যতাই তারেক রহমানের নেই। তারা আরো বলেন, বিএনপির চেয়ারপারসন ও তার ছেলে তারেক রহমান যে গ-মূর্খ তা প্রমাণ করে দিচ্ছেন নানা আচরণ ও বক্তব্যের মাধ্যমে। সমাবেশ থেকে আগামী ২ ডিসেম্বর ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সম্মেলন সফল করার কর্মী-সমর্থকদের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।




