ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনা শহরে দই বাজার এলাকায় জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতি আয়োজিত ইসলামী জলসায় ধর্মের নামে উস্কানী দেয়ার অভিযোগে এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করায় আওয়ামীলীগ সমর্থিত কর্মী ও শ্রোতারা বক্তাকে গণধোলাই দিয়ে পন্ড করে দিয়েছে ইসলামী জলসা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। রাতেই জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক ও জামায়াত সমর্থিত ব্যবসায়ী নূর উদ্দিন বাবলুকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা জেলা বন্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহরের দই বাজার এলাকায় ইসলামী জালসার আয়োজন করা হয়। জালসায় বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর উদ্দিন বাবলুর সভাপতিত্বে রাত এগারটার দিকে জালসায় প্রধান বক্তা টেলিভিশন উপস্থাপক মাওলানা আব্দুলা আল-আমিন ওয়াজ করেন। ওয়াজের এক পর্যায়ে বক্তা যুদ্ধারাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে নানা সমালোচনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ বিরোধী আপত্তিকর বক্তব্য দিলে উপস্থিত মুসুল্লী, আওয়ামীলীগ ও যুবলীগ কর্মী সমর্থকরা বক্তব্যের প্রতিবাদ করে মঞ্চে হামলা চালায়। এ সময় বক্তাকে গণধোলাই দেয়া হয়। এক পর্যায়ে মানুষ ভয়ে দিকবিদিক ছুটাছুটি করতে থাকেন। মুহুর্তের মধ্যে ওয়াজ মাহফিল পন্ড হয়ে যায়। এসময় জালসার আয়োজক বস্ত্র ব্যবসায়ীর সম্পাদক নূর উদ্দিন বাবলু, বক্তা মাওলানা আব্দুল্লা আল-আমিন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
আবুল বাশার নামের একজন শ্রোতা বলেন, বক্তা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, বঙ্গবন্ধু ও সরকার বিরোধী কথা বলছিলেন। তখন তাকে কয়েকজন শ্রোতা নিষেধ করলেও তিনি ঐ জাতীয় বক্তব্য দিতে থাকেন। কিছুক্ষণ পর আওয়ামী লীগের লোকজন এসে মঞ্চ উঠে মাইক দখলে নেয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে লোকজন দ্রুত মাহফিল স্থান ত্যাগ করেন এবং মাহফিল পন্ড হয়ে যায়।
পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে বস্ত্র ব্যবসায়ীদের ব্যানারে ইসলামী জালসার নামে মাওলানা আল-আমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটুক্তি এবং আপত্তিকর বক্তব্য দিচ্ছেলেন। এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা সহ্য করতে না পেরে তাকে নিষেধ করলেও তিনি এ ধরনের বক্তব্য দিতে থাকায় আওয়ামী লীগ, যুবলীগ কর্মী সমর্থক ও উপস্থিত জনতা তাদের প্রতিহত করেছে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স জানান, বস্ত্র ব্যবসায়ী সমিতির আয়োজনে জামায়াত সুকৌশলে ইসলামী জালসার নামে মানুষের সাথে প্রতারণা করে তাদের প্রচারণা চালিয়ে ধর্মীয় উম্মাদনার সৃষ্ঠি করছিল। মাওলানা আল-আমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নামে কটুক্তি করায় এ ধরনের ঘটনা ঘটেছে। তার এধরনের বক্তব্যের আমরা নিন্দা জানাই। প্রশাসনকে এ জাতীয় সভার অনুমতি যাচাই বাছাই করে দিতে হবে।
পাবনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তসলিম হাসান সুমন বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে কুটুক্তিকারীদের যারা প্রতিহত করেছে তাদেরকে সাধুবাদ ও অভিনন্দন জানাই।
জেলা ছাত্রলীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু বলেন, শিবিরের ক্যাডাররা ঐ জালসায় বার বার শ্লোগান দিচ্ছিল। তাদেরকে প্রতিবাদ করে প্রতিহত করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনার পর ১৫৪ ধারায় জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক নূর উদ্দিন বাবলুকে আটক করা হয়েছে।




