তারেক নেওয়াজ ,হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে এ বছর কপি,শিম বেগুন ও লাউসহ বিভিন্ন সবজির ব্যাপক চাষ হয়েছে। এসব সবজি চাষ করে উপজেলার প্রত্যন্ত গ্রাম-গঞ্জের কয়েক হাজার কৃষক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অনেকেই আজ লাখপতি। কিন্তু হোসেনপুরে কোনো হিমাগার না থাকায় সংক্ষণের অভাবে কৃষকেরা উৎপাদিত সবজির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত রয়েছেন।

সরজমিনে গতকাল বুধবার (১৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়, চলতি মওসুমে বিভিন্ন প্রকার শীতকালীন সবজির বাম্পার ফলন হওয়ায় কৃষকরা মহাখুশি। এ সময় উপজেলার চর জামাইল গ্রামের কৃষক সিদ্দিক মিয়া, গোবিন্দপুরের মমতাজ উদ্দিন, সাহেবেরচরের আলাল মিয়াসহ অনেকেই জানান, ব্রহ্মপুত্র ও নরসুন্দার চরাঞ্চলসহ সব গাম-গঞ্জে এবার কপি, শিম, বেগুন,করল্লা, মুলা, আলু ও লাউসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। আগাম সবজি চাষে লাভবান হওয়ায় তারা খুবই খুশি। তারা আরো জানান, বিগত কয়েক বছর ধরে এসব এলাকায় সবজির আবাদ জনপ্রিয় হয়ে উঠায় খেটে খাওয়া মানুষের ব্যাপক আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে । ফলে শুধু সবজি চাষ করেই বহু কৃষক পরিবার আজ স্বাবলম্বী।
খোঁজ নিয়ে জানা যায়, এক সময় চরাঞ্চলের কৃষকেরা বালুমিশ্রিত জমিতে মিষ্ঠি আলু,মাসকলাই ও বাদাম ছাড়া অন্য কোন ফসল উৎপাদনের চিন্তা করতো না কিন্তু বর্তমানে সেচ সুবিধা বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় শিম,লাউ,কুমড়াসহ বিভিন্ন সবজি চাষ করে প্রতিটি কৃষকই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। তাই হোসেনপুর উপজেলার সর্বত্রই এখন অর্থকরি ফসল হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে সবজি চাষ। কেননা কৃষকের উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়েও প্রতিদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করা হচ্ছে।
উপজেলার কাওনা গ্রামের কৃষক আব্দুল কাইযুম,পুমদি গ্রামের আজিজুলসহ অনেকেই জানান,পরিশ্রম করে সবজি উৎপাদন করলেও লাভের বেশীর ভাগ অংশ চলে যায় এক শ্রেনীর ফরিয়াদের পকেটে। কারন হিসেবে তারা বলেন, সবজি সংরক্ষনের জন্য হোসেনপুরে কোনো হিমাগার না থাকায় ক্ষেত থেকে সবজি তোলার পর-পরই কৃষকরা পচঁনের আশংকায় তড়িগরি করে কম মূল্যে বিক্রি করতে বাধ্য হন। এতে অনেকেই লোকসানের মুখে পড়েন।
উপজেলার জামাইল গ্রামের লাউ চাষী নবী হোসেন জানান,বিভিন্ন প্রতিকুলতা পেরিয়ে এবার লাউয়ের বাম্পার ফলন হয়েছে তাই শুধুমাত্র লাউ বিক্রি করে আয় করেছেন প্রায় দুই লক্ষ টাকা। তার মত উপজেলার রহিমপুর গ্রামের কৃষক নুরুল ইসলাম,চর-হাজীপুর গ্রামের মফিজ উদ্দীনসহ কয়েকশত কৃষক লাউ চাষে লাখপতি হয়েছেন।তাদের দেখাদেখি অনেকেই অন্য ফসল বাদ দিয়ে লাউসহ বিভিন্ন প্রকার সবজি চাষে ঝুঁকে পড়েছেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহম্মেদ জানান, এ বছর লাউ,শিম,কপিসহ বিভিন্ন সবজির বাম্পার ফলন হয়েছে। তবে সংরক্ষণ সংকটে কৃষকরা উৎপাদিত সবজির ন্যয্য মূল্য নিয়ে চিন্তিত রয়েছেন। তাই তিনি এ এলাকায় একটি হিমাগার স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূ-দৃষ্টি কামনা করেছেন।




